টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা। এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে মোবাইল ফোনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এ মুহূর্তে তিনি কোনো সাক্ষাৎকার দেবেন না। আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেবেন, এরপর প্রয়োজন হলে এ বিষয়ে কথা বলবেন।
তিনি বলেন, “এখন আমার ইন্টারভিউ দেওয়ার সময় নেই। আমি ইন্টারভিউ দেব না, সংসদে প্রশ্নোত্তরের জবাব দেব। সংসদে প্রশ্নোত্তর দিয়ে নেই, তারপর ইন্টারভিউ দেবো।”
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ‘২০২৬ ব্যাচ এইচএসসি পরীক্ষার্থী’ ব্যানারে রাজধানীর উত্তরা ও সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই দাবিতে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল, বগুড়া, রংপুর ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলাতেও কর্মসূচি পালিত হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
বিক্ষোভ শেষে একদল শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের উদ্দেশে রওনা হলে পথে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় তারা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগানসহ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
এই কর্মসূচিতে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, ঢাকা কমার্স কলেজ, তেজগাঁও কলেজসহ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









