বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার দাবি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হওয়ায় মানুষকে এখন নিজেদের নিরাপত্তার বিষয়েও ভাবতে হচ্ছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা জনসম্মুখে প্রকাশ করা উচিত। একই সঙ্গে দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি।
তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশয় প্রকাশ করে তিনি লিখেছেন, ‘লক্ষণ খুব ভালো নয়।’

ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, সরকার কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। ফলে অনেক মানুষকে নিজেদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে হচ্ছে। পাশাপাশি দেশে একের পর এক নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রামের ওই হামলার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে পোস্টের শেষদিকে তিনি প্রশ্ন তোলেন, ‘এদের খুঁটির জোর কোথায়?’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









