এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাড়া অন্যান্য পদে নিয়োগের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) হাতে দেওয়া ক্ষমতা বাতিল করা হয়েছে। ফলে অশিক্ষক এমপিও পদে নিয়োগের দায়িত্ব আবারও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ফিরেছে।
মঙ্গলবার (২১ জুলাই) এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ একটি পরিপত্র জারি করেছে।
মাধ্যমিক শাখার যুগ্মসচিব সাইয়েদ এ জেড এম মোরশেদ আলীর স্বাক্ষরিত পরিপত্রে জানানো হয়, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশের ক্ষেত্রে ২০২৪ সালের ১০ জানুয়ারি জারি করা নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। একই সঙ্গে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বরের পরিপত্র বাতিল করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগসংক্রান্ত বিষয় বাদে অন্যান্য অশিক্ষক পদে নিয়োগের ক্ষমতা আবারও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের কাছে থাকবে।
যেসব পদে এই সিদ্ধান্ত কার্যকর হবে, সেগুলোর মধ্যে রয়েছে ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক।
এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগের ক্ষমতা পরিচালনা পর্ষদের কাছ থেকে সরিয়ে নেয়। সে সময় জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে পরীক্ষা, মূল্যায়ন ও নিয়োগের সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই কমিটিতে পরিচালনা পর্ষদের কোনো সদস্য থাকার সুযোগ ছিল না।
নতুন পরিপত্রের মাধ্যমে সেই সিদ্ধান্ত বাতিল করে আগের নিয়মে পরিচালনা পর্ষদের মাধ্যমে কর্মচারী নিয়োগ ব্যবস্থা পুনর্বহাল করা হলো।
তবে অতীতে কর্মচারী নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ থাকায় নতুন সিদ্ধান্তের পর নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি কীভাবে নিশ্চিত করা হবে—তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









