সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচি আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো উদ্বোধন করা হবে।
রবিবার (৯ আগস্ট) এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং বিদ্যালয়ের বাইরে থাকা শিশুদের শিক্ষার আওতায় আনতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিনামূল্যে ইউনিফর্মসহ শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট প্রথমবারের মতো বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে।
এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন ইউনিফর্মের মডেল চূড়ান্ত করে সরকার। নির্ধারিত নকশা অনুযায়ী মেয়েদের জন্য ফ্রক এবং ছেলেদের জন্য হাফশার্ট ও শর্টস থাকবে। ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে শিক্ষার্থীদের আরাম, ব্যবহারিক সুবিধা ও পোশাকে একরূপতার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে।
গত ২৯ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় নতুন ইউনিফর্মের মডেল উপস্থাপন করা হয়। ওই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে বিদ্যালয়ে পাইলট প্রকল্পের আওতায় বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ শুরু হবে।
সভায় মন্ত্রী আরও জানিয়েছিলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের জন্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। এসব প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতা অনুযায়ী অনুদান দেবে। ইতোমধ্যে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এক লাখ শিক্ষার্থীর জন্য স্কুলব্যাগ, ড্রেস ও জুতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শিক্ষার্থীদের জন্য ইউনিফর্ম, ব্যাগ ও জুতাসহ সমন্বিত সহায়তা নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও সভায় জানানো হয়। এর মাধ্যমে বিদ্যালয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও সমান সুযোগভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।
এদিকে মিড-ডে মিল কর্মসূচি নিয়েও কথা বলেছেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, পাইলট প্রকল্প বাস্তবায়নের সময় যেসব ত্রুটি ও সীমাবদ্ধতা চিহ্নিত হয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তার ভাষ্য, একটি পাইলট প্রকল্পের সফলতা শুধু কতজন শিক্ষার্থীর কাছে সেবা পৌঁছেছে, তা দিয়ে বিচার করা উচিত নয়। বাস্তবায়নের সময় কী কী সমস্যা সামনে এসেছে এবং সেগুলোর কতটা কার্যকরভাবে সমাধান করা গেছে, সেটিও প্রকল্পের সফলতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয়।
প্রাথমিক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং তাদের জন্য সহায়ক ও সমান সুযোগের পরিবেশ নিশ্চিত করতে ইউনিফর্ম, স্কুলব্যাগ, জুতা ও মিড-ডে মিলসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর পাশাপাশি শিক্ষার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্য রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









