ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৮০ জন শিক্ষার্থীকে আইএফআইসি ব্যাংক ট্রাস্ট ফান্ডের আওতায় গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের কনফারেন্স কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ অনুদান ও বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২৫ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ১৫ জনকে বৃত্তি এবং ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ২৫ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান ও ১৫ জনকে বৃত্তি প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল আমিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুদ্দিন মো. তারিক, আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মণিতুর রহমান এবং আইএফআইসি ব্যাংকের হেড অব ব্রাঞ্চ হেলাল আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ।
সভাপতির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের তাঁদের গবেষণার ফল আন্তর্জাতিক মানের সম্মানজনক Q1 ও Q2 জার্নালে প্রকাশের ওপর জোর তাগিদ দেন। তিনি বলেন, ভালো মানের গবেষণা ও প্রকাশনা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী অসচ্ছল পরিবার থেকে উঠে আসার কথা উল্লেখ করে তিনি এই সহায়তা কর্মসূচির ব্যাপ্তি আরও বাড়ানোর জন্য আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে সমুদ্রবিজ্ঞান, ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, আবহাওয়াবিজ্ঞান, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এবং রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মোট ৫০ জন শিক্ষার্থী গবেষণা অনুদান পান। অন্যদিকে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ (MIS), ইন্টারন্যাশনাল বিজনেস, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের মোট ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









