ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। আবেদন করা যাবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
পাঁচটি ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৫ ডিসেম্বর। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ৫ ডিসেম্বর আইবিএ ইউনিট, ১২ ডিসেম্বর বিজ্ঞান ইউনিট, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আইবিএ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা হবে সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া বাকি তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকা ছাড়াও দেশের আটটি বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন
ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ২০ নম্বর থাকবে।
চারুকলা ও আইবিএ ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটে ৬০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ ও ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা থাকবে। অন্যদিকে, আইবিএ ইউনিটে ৭০ নম্বরের এমসিকিউ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের যোগ্যতা
ভর্তির আবেদন করতে হলে শিক্ষার্থীকে ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে মাধ্যমিক এবং ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বিজ্ঞান ইউনিটে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ জিপিএর যোগফল ন্যূনতম ৮.০ হতে হবে। পাশাপাশি প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ থাকতে হবে কমপক্ষে ৩.৫।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ক্ষেত্রে দুই পরীক্ষার জিপিএর যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে কমপক্ষে ৩.০ থাকতে হবে। চারুকলা ইউনিটে আবেদনের জন্য জিপিএর যোগফল ন্যূনতম ৬.৫ এবং প্রতিটি পরীক্ষায় আলাদাভাবে কমপক্ষে ৩.০ প্রয়োজন হবে।
তবে অন্য শাখার শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে আবেদন করতে চাইলে তাদের জন্য ভিন্ন শর্ত প্রযোজ্য হবে।
ভর্তি কমিটির সভায় বিজ্ঞান ইউনিটে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আগামী ২৮ মার্চ থেকে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









