বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও নর্থ-সাউথ গ্রুপের ব্রান্ড অ্যাম্বাসেড অপু বিশ্বাসের হাতে উঠেছে একটি সোনার কলস। তবে এই সোনার কলসের পেছনে রয়েছে এক আবেগঘন গল্প। বগুড়ার মমইন এলাকায় অনুষ্ঠিত হয়েছিল দশম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস। সেই অনুষ্ঠানে অপু বিশ্বাসের একটি পরিবেশনা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনুষ্ঠানের আগের দিন, ৬ এপ্রিল, মহড়ার ফাঁকে অপু বিশ্বাস চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে একটি ইচ্ছার কথা ব্যক্ত করেছিলেন। বিষয়টি তখন শুধু তাদের দু’জনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
সেই ইচ্ছা পূরণ করতেই গত ২ জুন চ্যানেল আই আয়োজন করে এক বিশেষ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ফরিদুর রেজা সাগর অপু বিশ্বাসের হাতে তুলে দেন একটি সোনার কলস। অপ্রত্যাশিত এই সম্মানে অপু বিশ্বাস বিস্মিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।
এই বিশেষ প্রাপ্তি নিয়ে নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক অনুভূতিময় পোস্ট দিয়েছেন তিনি। সেখানে অপু বিশ্বাস লিখেছেন, “শিল্পী মানেই ভালোবাসা আর সম্মানের কাঙাল। জীবনে কখনোই অর্থ-বিত্তের হিসাব করিনি, চেয়েছি শুধু মানুষের ভালোবাসা। সেই ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে। পরিবার, দেশের মানুষ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের ভালোবাসা ও আশীর্বাদেই আমার পথচলা।”
তিনি আরও লেখেন, “ভালোবাসা ও সম্মানের স্মারক হিসেবে একটি সোনার কলস! কথাটা শুনতেও অবিশ্বাস্য লাগে। অথচ সেটাই সত্যি হয়ে ধরা দিল আমার জীবনে।”
ঘটনার বর্ণনা দিতে গিয়ে অপু বিশ্বাস জানান, মঙ্গলবার বিকেলে জিমে থাকার সময় চ্যানেল আই থেকে সাংবাদিক আবদুর রহমান তাকে ফোন করে দ্রুত অফিসে যেতে বলেন। জরুরি কাজের কথা জানানো হলেও কী কারণে ডাকা হয়েছে, তা জানানো হয়নি। পরে তিনি চ্যানেল আই কার্যালয়ে পৌঁছে দেখেন, সেখানে বিশেষ আয়োজন করা হয়েছে।
অপু বিশ্বাস লিখেছেন, “হঠাৎ দেখি সাগর ভাইয়ের হাতে একটি সোনার কলস। সেটি নাকি আমার জন্যই! সত্যি বলতে, আমি কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, এটা কি সত্যিই ঘটছে? চ্যানেল আইয়ের মতো দেশের অন্যতম বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমন সম্মাননা পাওয়া আমার জন্য অবিশ্বাস্য এক অনুভূতি ছিল।”
তিনি আরও বলেন, “সোনার কলসটির মূল্য হয়তো সোনায় মাপা যাবে। কিন্তু আমার কাছে এর মূল্য তার চেয়েও অনেক বেশি। এর ভেতরে আছে ভালোবাসা, শ্রদ্ধা, একজন অভিভাবকের আশীর্বাদ এবং দীর্ঘ শিল্পীজীবনের স্বীকৃতি। এটি আমার শিল্পীজীবনের সবচেয়ে আবেগঘন, স্মরণীয় এবং মূল্যবান প্রাপ্তিগুলোর একটি হয়ে থাকবে।”
অপু বিশ্বাসের এই বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ছিল নানা চমক ও আবেগে ভরপুর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার ও উপস্থাপক সামান্তা ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ইফতেখার মুনিম।
বিশেষ এই পর্বটি চ্যানেল আইয়ে প্রচারিত হবে ৫ জুন দুপুর ২টা ৩০ মিনিটে।
উল্লেখ্য সম্প্রতি নর্থ সাউথ গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হোন। এর আগে গ্রীন সিটি পরিদর্শন করে একটি প্লটও ক্রয় করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









