টাঙ্গাইলে ব্যক্তিগত উদ্যোগ এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ফিল্ম সোসাইটির সহযোগিতায় দীর্ঘ প্রায় ৩০ বছর পর নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী রওশন টকিজ সিনেমা হল। শহরের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট ভবনে “নিউ রওশন টকিজ” নামে পঞ্চাশের দশকে নির্মিত এই হলটি আধুনিক রূপ নিয়ে আবার চালু করা হয়েছে। প্রযোজক, নির্মাতা ও লেখক তানভীর হোসেন প্রবাল এবং তার সহধর্মিণী শারমীন হায়াৎ দীপার উদ্যোগে হলটির নতুন পথচলা শুরু হয়।
এর আগে ১৯৯৬ সালে ব্যবসায়িক মন্দার কারণে প্রায় ৪৬ বছর পুরোনো এই হলটির কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। গত ৩০ মে ব্যবসাসফল চলচ্চিত্র 'বনলতা এক্সপ্রেস'-এর প্রিমিয়ার প্রদর্শনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হলটি উন্মুক্ত করা হয়। বর্তমানে হলটিতে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমার প্রদর্শনী চলছে। ইউনিপ্লেক্স মডেলে পরিচালিত এই শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক সিনেমা হলে প্রতিদিন চারটি করে শো প্রদর্শিত হচ্ছে, যেখানে চারটি ক্যাটাগরিতে মোট ১৩৬টি আসনের ব্যবস্থা রয়েছে।
মাভাবিপ্রবি ফিল্ম সোসাইটির সভাপতি রায়হান মাহমুদ জানান, টাঙ্গাইলে একটি আধুনিক সিনেমা হলের প্রয়োজনীয়তা থেকে তারা এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন। বর্তমানে মাভাবিপ্রবি শিক্ষার্থীদের জন্য টিকিটে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং এই সোসাইটি হলটির প্রচারণা ও শিক্ষার্থীদের পার্ট-টাইম কর্মসংস্থানের বিষয়টি দেখভাল করছে।
সিনেমা হলটির বর্তমান কর্ণধার তানভীর হোসেন প্রবাল বলেন, শৈশবের স্মৃতি বিজড়িত এই হলটি পুনরায় চালু করে টাঙ্গাইলের দর্শকদের জন্য ঢাকার সিনেপ্লেক্সের মতো আধুনিক, পরিচ্ছন্ন ও পারিবারিক পরিবেশে সিনেমা দেখার সুযোগ তৈরি করাই ছিল তাদের মূল লক্ষ্য। হল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০০ থেকে ৬০০ টাকার মধ্যে বর্তমানে অফলাইনে টিকিট পাওয়া যাচ্ছে এবং খুব শিগগিরই অনলাইন টিকিটিং ব্যবস্থা চালু করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









