বলিউড সুপারস্টার আমির খান জানিয়েছেন, আগামী ৫ জুলাই তিনি দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। মুম্বাইয়ে নিজের বাসভবনে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে একেবারেই ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (১ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই এ খবর নিশ্চিত করেন।
তিনি বলেন, হ্যাঁ, আগামী ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট ও পারিবারিক আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়ে বাসাতেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।
নতুন জীবনের উচ্ছ্বাস
জীবনের এই নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আমির খান আরও বলেন, দিনটি আমাদের জন্য খুবই বিশেষ। সবার ভালোবাসা ও আশীর্বাদ চাই। আমাদের নতুন পথচলার জন্য সবাই দোয়া করবেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার বড় ছেলে জুনায়েদ খানও উপস্থিত ছিলেন। বাবার ঘোষণার সময় তাকে হাসিমুখে দেখা যায়।
দীর্ঘ সম্পর্কের পরিণতি
গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেন আমির খান। সে সময় তিনি জানান, প্রায় ২৫ বছরের বন্ধুত্ব থেকেই ধীরে ধীরে এই সম্পর্ক গড়ে ওঠে।
গৌরীর একটি সাত বছর বয়সী সন্তান রয়েছে বলেও জানা গেছে।
আমির খানের ব্যক্তিগত জীবন
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ১৯৮৬ সালে রিনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১৬ বছরের সংসারের পর ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির দুই সন্তান—জুনায়েদ খান ও ইরা খান।
এরপর ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় ১৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে বিচ্ছেদের বিচ্ছেদ হয়। এই দম্পতির এক সন্তান—আজাদ রাও খান।
বর্তমানে ছেলে আজাদ রাও খানের সহ-অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন আমির খান ও কিরণ রাও।
দীর্ঘদিনের বন্ধুত্ব ও সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতির মধ্য দিয়ে নতুন জীবনের পথে হাঁটতে যাচ্ছেন বলিউডের এই তারকা অভিনেতা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









