দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস।
নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের উপস্থিতিতে জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (৩ জুলাই) (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
টেইলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এ বিয়েতে কনের পক্ষের ‘ব্রাইডসমেইড’ বা বরের পক্ষের ‘গ্রুমসমেন’ রাখা হয়নি। তবে টেইলরের ভাই অস্টিন সুইফট ‘ম্যান অব অনার’ এবং ট্রাভিসের ভাই জেসন কেলসে ‘বেস্ট ম্যান’-এর দায়িত্ব পালন করেন।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই আয়োজনকে অনেকেই ‘শতাব্দীর সেরা বিয়ে’ বলে আখ্যা দিচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস ও বেনসন বুনসহ অনেক তারকা। অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবুর ব্যবস্থা করা হয়। এ ছাড়া ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় এইমাত্র বিয়ে করলাম! লেখা প্রদর্শন করা হয়, যা উপস্থিত ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে।
প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের বিয়ের কোনো আনুষ্ঠানিক যুগল ছবি প্রকাশ করা হয়নি।
তবে টেইলরের মুখপাত্র জানান, দুজনই ফরাসি ফ্যাশন হাউস ক্রিশ্চিয়ান ডিওরের বিশেষভাবে ডিজাইন করা পোশাক পরেছিলেন। পোশাকের নকশা করেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। তাদের জুতা ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের এবং সুইফট পরেছিলেন কার্টিয়ারের গহনা।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই মেগা আয়োজনকে ঘিরে ম্যানহাটনের ব্যস্ত কয়েকটি সড়কে যান চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হয়। সে সময় নিউইয়র্কে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করে প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজারো ভক্ত ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয়। পরে গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ভেন্যু ভাড়া করতে তাদের কয়েক কোটি ডলার ব্যয় হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









