বলিউড তারকা আমির খান দীর্ঘদিনের প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। প্রায় ২৫ বছরের পরিচয় এবং দুই বছরের প্রেমের সম্পর্কের পর রবিবার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই জুটি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, স্পেশাল ম্যারেজ অ্যাক্টের অধীনে প্রয়োজনীয় নথিতে স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিয়ে নিবন্ধন করেন আমির ও গৌরী।
বিয়ের খবর প্রকাশের পর আমির খানের জনসংযোগ প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির প্রথম ছবি শেয়ার করে। ছবির ক্যাপশনে লেখা হয়, “ভালোবাসা, হাসি আর স্মরণীয় মুহূর্তের উদযাপন। আমির খানের বিয়ের আয়োজনে ছিল উষ্ণতা, আনন্দ এবং এক অবিস্মরণীয় উৎসবের আবহ।”
আগেই আমির জানিয়েছিলেন, বিয়ের আয়োজন হবে একান্ত পারিবারিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর তিন সন্তান—জুনায়েদ, ইরা ও আজাদ। গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছেলেও বিয়েতে উপস্থিত ছিল। দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু মিলিয়ে অতিথি ছিলেন প্রায় ১৫০ জন।
আমির ও গৌরীর প্রথম পরিচয় হয়েছিল প্রায় ২৫ বছর আগে বেঙ্গালুরুতে। পরে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেও ২০২৩ সালে তাদের আবার দেখা হয়। সেই পুনর্মিলনের পরই শুরু হয় প্রেমের সম্পর্ক। চলতি বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো প্রকাশ্যে গৌরীর সঙ্গে সম্পর্কের কথা জানান আমির।
সেদিন তিনি বলেছিলেন, “গৌরী আর আমি ২৫ বছর আগে পরিচিত হয়েছিলাম। এখন আমরা একে অপরের জীবনসঙ্গী। আমাদের সম্পর্ক খুবই গভীর ও আন্তরিক।”
মজার ছলে নিজের জনপ্রিয় চলচ্চিত্র *লাগান*-এর প্রসঙ্গ টেনে আমির বলেছিলেন, “ভুবন অবশেষে তার গৌরীকে খুঁজে পেয়েছে।” অনুষ্ঠানে তিনি গৌরীর উদ্দেশে ‘কভি কভি মেরে দিল মে’ গানও গেয়ে শোনান।
বিয়ের আগে এক অনুষ্ঠানে আমির বলেন, “৫ জুলাই আমাদের জন্য খুব বিশেষ একটি দিন। তাই বাড়িতেই ছোট পরিসরে বিয়ের আয়োজন করেছি। দুই পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু থাকবেন। সবার দোয়া চাই, যেন আমাদের নতুন জীবন সুখের হয়।”
গৌরী স্প্র্যাটের বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তাঁর মা রিটা স্প্র্যাট শহরের পরিচিত সেলুন ব্যবসায়ী ছিলেন। ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনার পর তিনি ইউনিভার্সিটি অব আর্টস লন্ডনে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে উচ্চশিক্ষা নেন। এর আগে গৌরীর একটি বিয়ে হয়েছিল এবং সেই সংসারে তাঁর এক ছেলে রয়েছে।
আমির খানেরও এটি তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী রিনা দত্তর ঘরে তাঁর দুই সন্তান—জুনায়েদ ও ইরা। পরে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাদের একমাত্র ছেলে আজাদ। বিচ্ছেদের পরও কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন এই অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির বলেন, “৬০ বছর বয়সে এসে ভাবিনি আবার এমন একজনকে খুঁজে পাব, যিনি আমার জীবনের সঙ্গী হতে পারেন। গৌরী আমার জীবনে শান্তি ও স্থিরতা এনে দিয়েছে। রিনা, কিরণ এবং এখন গৌরী—এই তিনজন মানুষ আমার জীবনকে গভীরভাবে সমৃদ্ধ করেছেন।”
সূত্র: এনডিটিভি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









