২৪ জুলাই ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট। এরই মধ্যে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ জানিয়েছে, আতিফের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।
‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শীর্ষক কনসার্টটি অনুষ্ঠিত হবে রাজধানীর ৩০০ ফুট এলাকায় অবস্থিত ক্রিকেটার্স একাডেমিতে। ইতোমধ্যে গেটমাই টিকিট ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
তিনটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাচ্ছে। দূরি এরিয়ার টিকিটের মূল্য ২,৯৯৯ টাকা, আদাত এরিয়া ৫,৯৯৯ টাকা এবং পেহলি নজর এরিয়া ১০,৯৯৯ টাকা। কনসার্টের দিন দুপুর ২টায় প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং সন্ধ্যা ৬টায় বন্ধ হবে। অনুষ্ঠান শুরু হবে বিকেল ৫টায়, চলবে রাত ১০টা পর্যন্ত।
এর আগে আতিফ আসলামের এই কনসার্টটি গত বছরের ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সব ধরনের প্রস্তুতি ও টিকিট বিক্রি শেষ পর্যায়ে থাকলেও শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়। তখন আয়োজকেরা জানিয়েছিলেন, কনসার্টটি বাতিল নয়; উপযুক্ত সময়ে নতুন করে আয়োজন করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব দর্শক আগের কনসার্টের টিকিট কিনে রিফান্ড নেননি, তাদের নতুন করে টিকিট কেনার প্রয়োজন হবে না। আর যারা রিফান্ডের আবেদন করেছিলেন কিন্তু এখনো অর্থ ফেরত পাননি, তারা চাইলে রিফান্ডের আবেদন প্রত্যাহার করে আগের টিকিট পুনরায় সক্রিয় করার আবেদন করতে পারবেন।
মেইন স্টেজের পক্ষ থেকে কাজী রাফসান বলেন, ‘চলতি বছরের সবচেয়ে বড় আয়োজনের দ্বারপ্রান্তে আমরা। পুরো টিম, শিল্পী এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের প্রতিশ্রুতি রাখতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট শুধু একটি সংগীতানুষ্ঠান নয়, বরং হাজারো দর্শকের আবেগ, প্রত্যাশা ও ভালোবাসার এক মিলনমেলায় পরিণত হবে।’ তিনি আরও জানান, আতিফ আসলামের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের দুই ব্যান্ড মেঘদল ও লেভেল ফাইভ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









