স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট ও গুপ্ত শক্তি বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। তিনি নেতাকর্মীদের সতর্ক থাকার এবং কারও উসকানিতে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি আয়োজিত একাধিক কর্মীসভায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মিজানুর রহমান খান মুকুল।
জহির উদ্দিন স্বপন বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের বিষয়ে গোয়েন্দা প্রতিবেদন থাকার কথা প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই জাতিকে জানিয়েছেন। দেশের কয়েকটি স্থানে কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির চেষ্টার কথাও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন বিএনপিকে দুর্বল করতে কিংবা উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









