জার্মানিতে শিক্ষা ও সামাজিক খাতে ব্যয় কমানো, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগের পরিকল্পনার প্রতিবাদে আগামী ৩১ অক্টোবর দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীদের একটি নতুন উদ্যোগ।
এই কর্মসূচিকে কাজে লাগিয়ে উগ্রপন্থী গোষ্ঠীগুলো সহিংসতা ছড়াতে পারে বলে সতর্ক করেছে পুলিশ।
‘জেন জেড শ্টেট আউফ’ নামের উদ্যোগটি বার্লিন, হামবুর্গ, কোলন, ফ্রাঙ্কফুর্ট ও মিউনিখসহ জার্মানির বিভিন্ন বড় শহরে বিক্ষোভ আয়োজনের ঘোষণা দিয়েছে। আয়োজকদের মতে, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার ব্যয়সংক্রান্ত নীতির পরিবর্তনও তাদের দাবির মধ্যে রয়েছে।
বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জার্মান সংবাদ সংস্থা ডিপিএকে বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভকে উগ্রপন্থী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারে বলে তারা উদ্বিগ্ন। বৈধ শিক্ষার্থী আন্দোলন এবং অন্য উদ্দেশ্যে বিক্ষোভে অংশ নেওয়া গোষ্ঠীগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণে পুলিশ সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বলেও জানান তিনি।
নিরাপত্তা সূত্রগুলোর আশঙ্কা, কিছু উগ্রপন্থী গোষ্ঠী শিক্ষার্থীদের কর্মসূচির আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের বিরুদ্ধে সহিংসতা, অগ্নিসংযোগ এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ানোর পরিকল্পনার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।
তবে উদ্যোগটির অন্যতম উদ্যোক্তা আকরাম সেলো জানিয়েছেন, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে আয়োজনের পরিকল্পনা রয়েছে। যেকোনো ধরনের সহিংসতা থেকে তাদের উদ্যোগ স্পষ্টভাবে দূরত্ব বজায় রাখে বলেও তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
উদ্যোগটির অবস্থানপত্রে বলা হয়েছে, তরুণ প্রজন্মের ওপর সাশ্রয়ের চাপ না চাপিয়ে শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সবার সাধ্যের মধ্যে জীবনযাপনের সুযোগ তৈরিতে বিনিয়োগ বাড়াতে হবে।
আয়োজকদের ভাষ্য, তরুণদের ভবিষ্যৎ নির্ধারণকারী সিদ্ধান্তগুলো নেওয়ার সময় তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে। এ অবস্থার পরিবর্তন ঘটানোই তাদের আন্দোলনের অন্যতম লক্ষ্য।
আয়োজকেরা জানিয়েছেন, ৩১ অক্টোবরের কর্মসূচি তাদের আন্দোলনের সূচনা মাত্র। তবে বিক্ষোভের সময় উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সম্ভাব্য ভূমিকা নিয়ে পুলিশের উদ্বেগের কারণে কর্মসূচির নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









