পাবনার বেড়ায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন শেষে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বিজয়া দশমী।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় নদী ও পুকুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের ছয় দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
বেড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ভৃগুরাম হালদার জানান, এ বছর বেড়া পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে মোট ৬৩টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক সুজিত কর্মকার বলেন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় এবার সুন্দর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে।
বেড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, সন্ধ্যার মধ্যে নিজ নিজ এলাকার নদী ও পুকুরে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিজয়া দশমী শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









