সিনেমার পর্দায় সাফল্যের পাশাপাশি ব্যবসায়ও নিজের অবস্থান শক্ত করছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তার পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’র আয় গত আট মাসে আট গুণ বেড়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ব্র্যান্ডটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি।
অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে যৌথভাবে এই পারফিউম ব্র্যান্ড প্রতিষ্ঠা করেন সামান্থা। ব্যবসায়িক উদ্যোগটির দ্রুত অগ্রগতি অভিনেত্রীর ক্যারিয়ারে নতুন সাফল্য যোগ করেছে।
এদিকে সম্প্রতি মুক্তি পাওয়া সামান্থার সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। ছবিটির আয় ১০০ কোটি রুপির বেশি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে সিনেমা ও ব্যবসা—দুই ক্ষেত্রেই সাফল্য উদ্যাপন করছেন এই অভিনেত্রী।
দুটি উদ্যোগের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে তার ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ তার হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার অভিজ্ঞতা। এ উদ্যোগে এমন একটি দলের সঙ্গে কাজ করেছেন, যারা ব্র্যান্ডটির লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী।
ভক্ত ও ক্রেতাদের ভালোবাসা, আস্থা এবং সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন, এই অর্জন তাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।
পারফিউম ব্যবসার বাইরেও একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন সামান্থা। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি প্রতিষ্ঠা করেন ‘সাকি’। ভারতীয় নারীদের জন্য সমসাময়িক ফ্যাশন ও লাইফস্টাইল পণ্য নিয়ে কাজ করে ব্র্যান্ডটি।
এ ছাড়া হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে প্রতিষ্ঠিত ভারতীয় অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’র সঙ্গেও যুক্ত আছেন তিনি। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’র সহপ্রতিষ্ঠাতা হিসেবেও কাজ করছেন সামান্থা।
অভিনয়ের পাশাপাশি একের পর এক ব্যবসায়িক উদ্যোগে সামান্থার সম্পৃক্ততা প্রমাণ করছে, বিনোদনজগতের পরিচিতিকে কাজে লাগিয়ে ব্যবসার ক্ষেত্রেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









