ধর্ষণের অভিযোগে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ।
অর্ঘ্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। ওই সংস্থার মাধ্যমেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অর্ঘ্য তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকার একটি ফ্ল্যাটে ডেকে নেন। অভিযোগ, সেখানে ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নিজের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন শ্রাবন্তী।
ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হিসেবে চাই, যদি ও সত্যিই এই কাজ করে থাকে, তাহলে ওর কঠিন শাস্তি হওয়া উচিত। আইনের ওপর আমার ভরসা রয়েছে।’
শ্রাবন্তী আরও জানান, অর্ঘ্যকে তিনি সরাসরি নিয়োগ দেননি। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তিনি তার সহকারী হিসেবে কাজ করছিলেন। পুরো ঘটনা সম্পর্কে তিনি আগে কিছু জানতেন না বলেও দাবি করেছেন অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









