চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সব মামলার বিচারকাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে সাত দফা দাবিসংবলিত এই স্মারকলিপি তুলে দেন জোটের শীর্ষ নেতারা। এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ এবং নিহতদের পরিবার ও শহীদ স্বজনেরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে জোটের পক্ষ থেকে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাযজ্ঞের মূল ঘটনাকেন্দ্রগুলোর তদন্ত এখনো শেষ হয়নি, যা দ্রুত সম্পন্ন করে বিচারের মুখোমুখি করা প্রয়োজন। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য ও অভিযুক্ত ব্যক্তিবর্গ এখনো গ্রেপ্তারের বাইরে থাকায় এবং কেউ কেউ বহাল তবিয়তে থাকায় সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া দেশের অধিকাংশ জেলায় ঘটে যাওয়া অপরাধের তদন্তে ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। গুম, খুন ও মরদেহ গোপনে জড়িত সামরিক-বেসামরিক ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এই স্মারকলিপিতে।
প্রতিনিধিদলের নেতারা উল্লেখ করেন, গণহত্যার বিচার প্রক্রিয়ায় অস্বাভাবিক ধীরগতির কারণে শহীদ পরিবারের সদস্য এবং সাধারণ বিচারপ্রার্থীদের মনে গভীর ক্ষোভ ও শঙ্কার সৃষ্টি হচ্ছে। তাই সার্বিক তদন্ত সম্পন্ন করে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের উদাত্ত আহ্বান জানান তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









