উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা বলেছেন, জনপ্রিয়তার শীর্ষে থাকলেও তাকে জীবনে দুইবার বয়কটের মুখে পড়তে হয়েছিল। তবে কোনো বাধাই তার সংগীতযাত্রা থামাতে পারেনি।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীত সন্ধ্যায় অংশ নেওয়ার আগে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
৬২ বছরের সংগীতজীবনের এই মুহূর্তকে বিশেষ অভিজ্ঞতা উল্লেখ করে রুনা লায়লা বলেন, ‘৬২ বছরের সংগীত ক্যারিয়ারে কত জায়গায় গাইলাম। দেশ-বিদেশের কত মঞ্চে বাংলা, হিন্দি ও উর্দু গান গেয়ে অসংখ্য স্মৃতি জমিয়েছি। অথচ নিজের দেশের শিল্পকলা একাডেমির মঞ্চে গাইতে আমার ৬২ বছর লেগে গেল! জীবনের এই পর্যায়ে এসে এখানে গান গাইতে পারছি, এটাই আমার সবচেয়ে বড় ভালো লাগা। এজন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।’
দীর্ঘ সংগীতজীবনের নানা চড়াই-উতরাইয়ের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমাকে দুইবার বয়কট করা হয়েছিল। কিন্তু এতে তো আমার গান গাওয়া থামানো যায়নি। আমি বিশ্বাস করি, আল্লাহ যদি সহায় থাকেন এবং আমার মধ্যে যদি মেধা থাকে, তাহলে কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারবে না। বাস্তবেও তা পারেনি।’
রুনা লায়লার এই বক্তব্যে সংগীতের প্রতি তার অটুট নিষ্ঠা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের প্রতিফলন ফুটে ওঠে।
ছয় দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য ক্যারিয়ারে বাংলা, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। এখনও সমানভাবে সংগীতে সক্রিয় এই শিল্পীর একক সংগীত সন্ধ্যা ঘিরে ভক্ত-শ্রোতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









