ভয়াল রূপ ধারণ করেছে ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর ভাঙন। পানির তীব্র স্রোতে দিশেহারা পদ্মাপাড়ের হাজারো মানুষ। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারানোর শঙ্কায় দিন পার করছে বাসিন্দা।
গেল কয়েকদিনের তীব্র ভাঙনে একেবারেই দিশাহারা হয়ে পড়েছেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের পদ্মাতীরবর্তী বাসিন্দারা। চোখের সামনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে দীর্ঘদিনের বসতভিটা, ফসলি জমি আর জীবিকার অবলম্বন। কান্না, আতঙ্ক আর অনিশ্চয়তা এখন সদরপুর উপজেলার পদ্মাপাড়ের মানুষের নিত্যসঙ্গী।
খোঁজ নিয়ে জানা গেছে, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী, বেপারীডাঙ্গী, মুন্সিরচর ও আকোটেরচর এলাকার বিস্তীর্ণ জনপদে পদ্মা নদীর ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনের তীব্র স্রোত ও পানি বৃদ্ধির ফলে নদীভাঙন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ফলে চরম আতংকে দিন কাটাচ্ছেন এ জনপদের হাজারো মানুষ।
স্থানীয়দের দাবি, ইতোমধ্যে প্রায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে শত শত বিঘা ফসলি জমি, প্রায় দুই শতাধিক বসতঘর, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, একটি ইটভাটা এবং গুরুত্বপূর্ণ সড়কের অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
খোঁজ নিয়ে জানা যায়, ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী, বেপারীডাঙ্গী, মুন্সিরচর এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা, আকোট, কালিখোলা, মোল্যাকান্দা ও খালাসী গ্রাম এলাকায় অব্যাহত ভাঙনে প্রতিদিনই হারিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম।
স্থানীয়দের আশঙ্কা, ভাঙন অব্যাহত থাকলে আকোট জনসংঘ উচ্চ বিদ্যালয়, দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিয়াজখালী বাজার, সরকারি আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রামসহ প্রায় ১০টি গ্রাম নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। এছাড়া চর নাসিরপুরের চৌধুরীর হাট ও শিমুলতলী বাজার ঘাটও হুমকির মুখে পড়েছে।
ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর নদীশাসনের দাবি জানানো হলেও কার্যকর কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষায় নতুন নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে। ক্ষতিগ্রস্তদের দাবি, ‘ত্রাণ নয়, স্থায়ী বাঁধ চান তারা’।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন বলেন, পদ্মা নদীর ভাঙন পরিস্থিতি উপজেলা প্রশাসন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক করা হচ্ছে এবং দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









