দিল্লিতে চলমান শিক্ষার্থী বিক্ষোভ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ সদস্যদের সব ধরনের নিয়মিত ছুটি বাতিল করেছে দিল্লি পুলিশ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শুক্রবার (২৪ জুলাই) এনডিটিভির বরাতে পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।
দিল্লি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা নির্দেশনায় জেলার উপপুলিশ কমিশনার (ডিসিপি), ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব ইউনিটকে বিষয়টি জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৈমিত্তিক (ক্যাজুয়াল) ও অর্জিত (আর্নড) ছুটিসহ সব ধরনের নিয়মিত ছুটি স্থগিত থাকবে। কেবল জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে ছুটি দেওয়া হবে।
এ ছাড়া দিল্লি পুলিশ কমিশনারের পূর্বানুমতি ছাড়া কোনো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ বা বিশেষ কোনো কোর্সে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গেজেটেড কর্মকর্তাসহ বাহিনীর সব সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। এ নির্দেশ কঠোরভাবে বাস্তবায়নের জন্য সব ডিসিপিকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনকারীরা নিট (এনইইটি) প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং পরীক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন।
গত ২০ জুলাই সিজেপির ডাকা ‘সংসদ চলো’ কর্মসূচিতে হাজারো বিক্ষোভকারী যন্তর মন্তরে জড়ো হন। পরে তারা সংসদ ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে। এতে পুলিশ ও আন্দোলনকারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









