সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তা। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
বুধবার (২৯ জুলাই) অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে আছেন এবং তার অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। এই কঠিন সময়ে সবাই তাঁকে প্রার্থনায় রাখুন। আমরা তাঁর সফল অস্ত্রোপচার এবং দ্রুত সুস্থতা কামনা করছি।”
একই পোস্টে গুজব ও যাচাইহীন তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে বলা হয়, নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই জানানো হবে।
দুর্ঘটনার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা মেঘলা মুক্তা পরবর্তীতে চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তিনি তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয় করেছেন। এছাড়া বাংলাদেশের ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’এবং ‘আগুনের পাখি’ সিনেমায়ও অভিনয় করেছেন। সবশেষে ‘চক্র ২’ ওয়েব কনটেন্টে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে।
তবে দুর্ঘটনার কারণ বা তার শারীরিক অবস্থার বিস্তারিত বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









