বলিউড তারকা সালমান খানকে ঘিরে নতুন জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি তাকে অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’র সেটে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের মধ্যে কৌতূহল বেড়েছে। যদিও শো কর্তৃপক্ষ বা সালমান খান—কেউই এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
বর্তমানে শোটি অভিনেতা-নির্মাতা সোহেল খানকে কেন্দ্র করে আলোচনায় রয়েছে। বিশেষ করে তার সাবেক স্ত্রী সীমা সাজদেহ ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর শোটি নতুন করে আলোচনায় আসে। প্রতিযোগিতা থেকে বিদায়ের আগে সীমা জানান, শোর পরিবেশ তার জন্য সহজ ছিল না এবং তিনি সন্তানদের কাছে ফিরতে চান। বিদায়ের মুহূর্তে সোহেল খানের আবেগঘন প্রতিক্রিয়াও দর্শকদের নজর কাড়ে।
এর মধ্যেই সালমান খানের উপস্থিতি নতুন জল্পনার জন্ম দিয়েছে। অনেকের ধারণা, ছোট ভাই সোহেল খানকে সমর্থন জানাতেই তিনি সেটে গিয়েছিলেন। আবার কেউ কেউ মনে করছেন, শোয়ের বিশেষ কোনো পর্বে অতিথি হিসেবে দেখা যেতে পারে তাকে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সেটে সালমান খানকে দেখা যায় ওয়েস্টার্ন কাউবয় ধাঁচের পোশাকে। নীল শার্ট, ফেডেড কালো ডেনিম, হালকা বাদামি কাউবয় হ্যাট এবং তার পরিচিত ব্রেসলেট—সব মিলিয়ে নতুন লুকে ভক্তদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
এখন দেখার বিষয়, সালমান খান সত্যিই ‘অ্যালায়েন্স’র বিশেষ পর্বে অংশ নেন কি না, নাকি এটি কেবল ভক্তদের জল্পনাই থেকে যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









