ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই অভিনয়ে অনিয়মিত। বর্তমানে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নিজের নতুন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং নানা ভাবনা-অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চারটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। কমলা রঙের স্টাইলিশ ব্লেজারে হাস্যোজ্জ্বল এই অভিনেত্রীর ছবিগুলো ভক্তদের নজর কাড়ে। রঙিন ফুলে সাজানো মনোরম পটভূমি তার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
ছবিগুলোর সঙ্গে একটি অর্থবহ বার্তাও শেয়ার করেন তিনি। শাবনূর লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”
তার এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া দেখা যায়। অনেকেই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন এবং মন্তব্যে তার প্রতি ভালোবাসা ও সমর্থনের কথা জানান।
একজন ভক্ত লেখেন, “তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চাঁদ, তুমি হাজার নায়িকার মাঝে একটি নাম—শাবনূর।” আরেকজন মন্তব্য করেন, “দূর কে কী বলবে বলুক, আমরা জানি শাবনূর আপু অনেক ভালো মানুষ।”
উল্লেখ্য, প্রায় দুই বছর আগে রঙ্গনা সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে সিনেমার কিছু অসম্পাদিত ফুটেজ ও শুটিং ক্লিপ প্রকাশ্যে এলে তা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে এখনও দেখা যায়নি এই জনপ্রিয় অভিনেত্রীকে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









