ময়মনসিংহের গৌরীপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘গৌরীপুর উপজেলা কিন্ডারগার্টেন (বেসরকারি স্কুল) সমিতি’র উদ্যোগে বিকেডিএ বৃত্তি-২০২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর উপজেলা পাবলিক হল মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি বাবু অমল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরীপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাংবাদিক আরিফ আহম্মেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা রুবায়াত, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মোঃ শাহজাহান কবির হিরা, গৌরীপুর সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. কামাল উদ্দিন, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার এবং নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক প্রমুখ।

আয়োজক সূত্রে জানা যায়, এবারের বিকেডিএ বৃত্তি পরীক্ষায় উপজেলার মোট ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। মেধা যাচাইয়ের এই প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ২০৫ জন শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৭২ জন এবং সাধারণ গ্রেডে ১৩৩ জন শিক্ষার্থী বৃত্তির যোগ্যতা অর্জন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মেধা ও সুপ্ত প্রতিভা বিকাশে কিন্ডারগার্টেন স্কুলগুলো প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। এ ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের আত্মবিশ্বাসী ও উদ্যমী করে তুলবে।
আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









