রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কুরিল দ্বীপপুঞ্জ সফর নিয়ে জাপানের সমালোচনা প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কো বলেছে, জাপানের বক্তব্য রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক, আপত্তিকর এবং আইনগতভাবে অকার্যকর।
বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন।
জাখারোভা বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট দেশের কোন অঞ্চলে সফর করবেন, সে বিষয়ে রুশ নেতৃত্বকে নির্দেশ দেওয়ার কোনো অধিকার টোকিওর নেই। জাপানের বক্তব্যকে রাশিয়া ‘রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক, আপত্তিকর এবং আইনগতভাবে অকার্যকর’ হিসেবে প্রত্যাখ্যান করছে বলেও জানান তিনি।
রুশ এই কর্মকর্তা বলেন, জাপানের সমালোচনা দেশটির ক্রমবর্ধমান রাশিয়াবিরোধী নীতির প্রতিফলন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় যোগ দেওয়া এবং ইউক্রেনকে সামরিক ও অন্যান্য সহায়তা দেওয়ার মাধ্যমে জাপান দুই দেশের সম্পর্ক নষ্ট করছে বলেও অভিযোগ করেন তিনি।
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের ওপর রাশিয়ার সার্বভৌমত্ব ও এখতিয়ার নিয়ে কোনো বিতর্ক নেই বলেও দাবি করেন জাখারোভা। এর মধ্যে ইতুরুপ দ্বীপও রয়েছে।
তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বীপগুলো রাশিয়ার অন্তর্ভুক্ত হয়। একই সঙ্গে জাপানের নেতৃত্বের বিরুদ্ধে ‘প্রতিশোধবাদী’ বয়ান প্রচারের অভিযোগ তোলেন তিনি।
এর আগে বৃহস্পতিবার পুতিনের কুরিল দ্বীপপুঞ্জ সফর নিয়ে আপত্তি জানায় জাপান। জাপানে দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জ ‘উত্তরাঞ্চলীয় অঞ্চল’ নামে পরিচিত এবং চারটি দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই দেশের বিরোধ চলছে।
রুশ প্রেসিডেন্টের এই সফর ছিল কুরিল দ্বীপপুঞ্জে তার প্রথম সফর। সফরকে কেন্দ্র করে জাপান ও রাশিয়ার পুরোনো ভূখণ্ড বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে।
দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জের সার্বভৌমত্ব নিয়ে দুই দেশের বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আজও রাশিয়া ও জাপানের মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









