ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো সহিংসতার ঘটনা নিয়ে মানুষের ক্ষোভ ও বিচারপ্রত্যাশা থেকে নতুন গান লিখেছেন গীতিকবি মাহবুবুল খালিদ। সম্প্রতি নির্মমভাবে নিহত শিশু রামিসাকে নিয়ে তার লেখা গানটির শিরোনাম ‘রামিসাদের বিচার’।
গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল। গানের কথায় রামিসার পাশাপাশি অতীতে নির্যাতন ও হত্যার শিকার হওয়া শিশু ও নারীদের ঘটনাও ওঠে এসেছে।
‘রামিসাদের বিচার’ গানটি প্রকাশিত হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনা যাচ্ছে।
নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা মাহবুবুল খালিদের সৃষ্টির অন্যতম বৈশিষ্ট্য। এর আগে শিশু গৃহকর্মী আদুরিকে নিয়ে ‘আদুরি’, ফেলানী হত্যাকাণ্ড নিয়ে ‘ফেলানীরে করল গুলি’ এবং মাগুরার শিশু আছিয়াকে নিয়ে ‘মাগুরার ফুল’ গান লিখেছেন তিনি।
এ ছাড়া দেশপ্রেম, সামাজিক সচেতনতা, মানবিক সংকট, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় তার গানে ওঠে এসেছে। ফলে তার গান শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজের অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবেও পরিচিত।
রামিসাকে নিয়ে লেখা ‘রামিসাদের বিচার’ও সেই ধারাবাহিকতার অংশ। গানটির মাধ্যমে নির্মম ঘটনার শিকার রামিসার জন্য বিচার এবং সমাজে সহিংসতার বিরুদ্ধে মানুষের আকুতিই তুলে ধরা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









