বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনা শুরু হয়।
ভিডিওতে দেখা যায়, কালো পোশাক পরে বৃষ্টির মধ্যে গাড়ির দিকে হেঁটে যাচ্ছেন কারিনা। তার মাথার ওপর ছাতা ধরে রেখেছেন তার দলের এক সদস্য। ভিডিওতে অভিনেত্রীর পেট কিছুটা স্ফীত দেখা যাওয়ায় নেটিজেনদের একাংশ ধারণা করছেন, তিনি অন্তঃসত্ত্বা।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কারিনার তৃতীয়বার মা হওয়ার বিষয়ে মন্তব্য করেন। কেউ কেউ সরাসরি প্রশ্ন করেন, অভিনেত্রী কি অন্তঃসত্ত্বা?
তবে কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র এই গুঞ্জন উড়িয়ে দিয়েছে। হিন্দুস্তান টাইমস সিটির সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তি জানান, কারিনা অন্তঃসত্ত্বা নন এবং ছড়িয়ে পড়া খবরটি সত্য নয়।
কারিনা কিংবা তার স্বামী সাইফ আলী খানও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।
২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে বিয়ে হয় কারিনা কাপুরের। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। এরপর ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলী খানের জন্ম দেন কারিনা।
দ্বিতীয় সন্তান জন্মের পর ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আর সন্তান না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন কারিনা। তিনি বলেছিলেন, সাইফ প্রতি দশকেই একটি করে সন্তান পেয়েছেন; তবে ষাটের দশকে গিয়ে আর সেটি হবে না।
সাইফ আলী খানের প্রথম স্ত্রী অমৃতা সিং। তাদের সংসারে দুই সন্তান—সারা আলী খান ও ইব্রাহিম আলী খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর কারিনাকে বিয়ে করেন সাইফ।
সম্প্রতি সাইফের ৫৬তম জন্মদিনও স্ত্রী-সন্তানদের সঙ্গে উদযাপন করেছেন এই অভিনেতা। সেই উদযাপনের কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন কারিনা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









