দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। পাঁচ বছরের এই লড়াইয়ের মধ্যে নতুন করে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তিন মাস আগে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে তার শরীরে। এবার আক্রান্ত হয়েছেন ওভারিয়ান ক্যানসারে।
রবিবার (২৩ আগস্ট) রাতে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান চিকিৎসা ও শারীরিক অবস্থার কথা জানিয়েছেন সামিয়া। তিনি জানান, তিন মাস আগে পরীক্ষার পর শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করতে হয়। পরে চিকিৎসকেরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। বর্তমানে কেমোথেরাপি নিচ্ছেন তিনি।
সামিয়া জানান, গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। প্রথমবার কেমোথেরাপি নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারকার অভিজ্ঞতা তাই তার জন্য ভিন্ন।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার সম্ভাবনার কথা চিকিৎসকেরা জানালেও বিষয়টি নিয়ে মন খারাপ না করে মানসিকভাবে প্রস্তুত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। চুল পড়ার আগেই নিজের নতুন হেয়ারকাট করেছেন এবং সেই নতুন চেহারাকে ইতিবাচকভাবে গ্রহণ করার চেষ্টা করছেন।
নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, সবকিছু নিয়ে মন খারাপ করে লাভ নেই; সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই গুরুত্বপূর্ণ। নতুন চেহারাটি উদযাপনের মাধ্যমে নিজেকে অনুপ্রাণিত করার কথাও জানান তিনি।
সামিয়া বলেন, যারা ক্যানসারের এই পথ পাড়ি দিয়েছেন, তারাই জানেন লড়াইটি কতটা কঠিন। নিজের কাছের কাউকে যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।
কঠিন এই সময়ে সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন এবং আগেরবারের মতো এবারও শক্তি ধরে রেখে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এই প্রার্থনা করেছেন তিনি।
এর আগে ২০২৫ সালের মার্চে নিজের ক্যানসারজয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন সামিয়া। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ ধাপের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন তিনি। পরে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তোলার কাজও শুরু করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









