নেপালে আকস্মিক বন্যা ও ভূমিকম্পের ঘটনায় আতঙ্ক ছড়ালেও নিরাপদে আছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। বর্তমানে নতুন সিনেমা ‘শিকার’-এর পুরো দলের সঙ্গে নেপালে অবস্থান করছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সকালে দেশটির ভোটে কোশি নদীতে আকস্মিক বন্যা বা হড়পা বানে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ৩৯৩ জন বিদেশি পর্যটকসহ প্রায় ৬০০ জন নিখোঁজ হয়েছেন।
এ সময় নেপালে অবস্থান করায় অপু বিশ্বাস ও তার দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নিরাপত্তার বিষয়টি জানান অভিনেত্রী।
অপু বিশ্বাস বলেন, ভূমিকম্প ও বন্যার খবর পাওয়ার পর অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জন ফোন ও বার্তা দিয়ে তাদের খোঁজ নিয়েছেন।
তিনি জানান, মহান আল্লাহর রহমতে ‘শিকার’ সিনেমার পুরো দল নিরাপদ স্থানে রয়েছে এবং সবাই সুস্থ আছেন।
এদিকে বাংলাদেশি সংগীতশিল্পী তাসরিফ খান ও তার ব্যান্ডের সদস্যরাও বর্তমানে নেপালে রয়েছেন। এক ভিডিও বার্তায় তারাও নিজেদের নিরাপদ ও সুস্থ থাকার কথা জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









