ঢাকার মঞ্চে ফিরছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে তার একক কনসার্ট ‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ আয়োজন করছে এই বিশেষ কনসার্টের।
আয়োজকদের পাশাপাশি কনসার্টের অফিসিয়াল পোস্টার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন ওটিলিয়া। খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই বাংলাদেশি ভক্তদের মধ্যে তাকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উচ্ছ্বাস।

তবে এখনো কনসার্টের ভেন্যু, টিকিটের দাম ও বিক্রির বিস্তারিত তথ্য জানানো হয়নি। আয়োজকরা জানিয়েছেন, এসব তথ্য খুব শিগগিরই প্রকাশ করা হবে।
২০১৪ সালে প্রকাশিত ‘বিলিওনেরা’ গানটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। স্প্যানিশ ও ইংরেজি কথার সংমিশ্রণ এবং লাতিন-বালকান ঘরানার ড্যান্স-পপের মিশেলে তৈরি গানটি মুক্তির পর বিশ্বজুড়ে ড্যান্স ফ্লোর ও ক্লাবগুলোতে ব্যাপক জনপ্রিয়তা পায়।
বাংলাদেশেও গানটি সে সময় শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। ‘বিলিওনেরা’র জনপ্রিয়তার সূত্র ধরেই দেশে ওটিলিয়ার একটি বড় ভক্তগোষ্ঠী তৈরি হয়।
২০২২ সালের পর আবারও ঢাকার মঞ্চে ওটিলিয়ার ফেরার খবরে তাই ভক্তদের আগ্রহ বেড়েছে কয়েক গুণ। নভেম্বরের কনসার্টে জনপ্রিয় সেই গানসহ ওটিলিয়ার পরিবেশনা উপভোগের অপেক্ষায় এখন তার বাংলাদেশি ভক্তরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









