নতুন সাজে ধরা দিয়েছেন অভিনেতা তৌসিফ। পরনে সাদা শার্ট, গলায় নীল টাই, মাথায় ক্যাপ, কাঁধে ও বুকে পাইলটের অফিশিয়াল ব্যাজ এবং চোখে কালো চশমা; ঠিক এই সাজে বিমানের পাশে দাঁড়িয়ে পেশাদার একজন পাইলটের সাজে ধরা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ পেতেই ভক্তদের মাঝে দেখা দিয়েছে কৌতূহল।
নির্মাতা শিহাব শাহীন পরিচালিত ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’-র পাইলটের চরিত্রের প্রয়োজনেই এই সাজ তৌসিফের। সম্প্রতি এক সংবাদ মাধ্যমে এমনটিই জানান তিনি।
নিজের ফেসবুক ওয়ালে পাইলটের লুকের একটি ছবি পোস্ট করেন তৌসিফ। ছবির ব্যাকগ্রাউন্ডে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তৌসিফ লেখেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টলমেন দিস ইজ ইউর ক্যাপ্টেন স্পিকিং।’
জনপ্রিয় অভিনেতা তৌসিফের এই পোস্ট মুহূর্তেই কৌতূহল তৈরি করে তার ভক্তদের মাঝে। ভক্তদের একাংশ মজা করে প্রশ্ন তুলেছেন, ‘ভাই চাকরি পাইলেন নাকি?’ আবার কেউ আবদার করে লিখেছেন, ‘ক্যাপ্টেন ভাই আপনার বিমানে কি একটু চড়ানো যাবে?’।
উল্লেখ্য, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন জানিয়েছিলেন, এটি মূলত বহু চরিত্রের সমান্তরাল গল্প নিয়ে এগোবে, যেখানে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









