কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের বাড়ি দখল হওয়া নিয়ে সম্প্রতি সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে বিষয়টি নিয়ে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি স্পষ্ট করে বর্ষীয়ান এই অভিনেত্রী জানিয়েছেন, বাড়ি দখলের ঘটনাটি সত্য হলেও তা প্রায় দুই যুগ আগের। সাম্প্রতিক সময়ে তার বাড়ি দখল হয়নি।
সম্প্রতি একটি সাক্ষাৎকারের অংশবিশেষ ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে দিলারা জামান বলেন, ‘বাবার দেওয়া জমিতে ধারদেনা করে বাড়ি করেছিলাম। দেনা শোধ করতে বাড়ি ভাড়া দিয়েছিলাম, কিন্তু ভাড়ার টাকা পাইনি। একপর্যায়ে ভাড়াটিয়া বাড়ি দখল করে নেয়। এখন ছোট্ট পাখির বাসার মতো ভাড়া বাড়িতে থাকি।’
তবে সাক্ষাৎকারে পুরো বিষয়টি স্পষ্ট না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা তৈরি হয়।
ঘটনার বিস্তারিত জানিয়ে দিলারা জামান সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেন, প্রায় ২০ থেকে ২৪ বছর আগে ঢাকার শ্যামলীতে তার বাবার দেওয়া ৬ কাঠা জমি দখলের ঘটনা ঘটেছিল। তবে জমির সব কাগজপত্র সঠিকভাবে সংরক্ষিত থাকায় আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যেই তিনি নিজের জমি বুঝে পান।
জমি বুঝে পাওয়ার পর সেটি বিক্রি করে ২০০৮ সালে উত্তরায় একটি ফ্ল্যাট কেনেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি উত্তরায় নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।
শ্যামলীর ওই জমিতে বর্তমানে ১০তলা অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে জানিয়ে দিলারা জামান বলেন, তিনি বর্তমানে ভালো আছেন এবং নিজের বর্তমান জীবন নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









