বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের গালে ১৭ বার চড় মেরেছিলেন অভিনেতা অক্ষয় খান্না। অবিশ্বাস্য মনে হলেও ঘটনাটি সত্যি বলে জানিয়েছেন নির্মাতা ফারহান আখতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘দিল চাহাতা হে’ সিনেমার শুটিংয়ের সেই ঘটনা ও এর পেছনের কারণ জানিয়েছেন তিনি।
ফারহান আখতার পরিচালিত ‘দিল চাহাতা হে’ মুক্তির ২৫ বছর পেরিয়েছে। সিনেমাটির একটি দৃশ্য বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তুলতে আমির খানকে সত্যিই চড় মেরেছিলেন অক্ষয় খান্না। দৃশ্যটি এমনভাবে ধারণ করা হয়েছিল যে, সামনে থাকা সহশিল্পী সাইফ আলি খানও বুঝতে পারেননি চড়টি অভিনয়ের অংশ, নাকি সত্যি।
ফারহান জানান, দৃশ্যটির স্বাভাবিক অভিব্যক্তি ক্যামেরায় ধরে রাখতে আমিরকে সত্যিকারের চড় মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি আগে থেকেই আমিরকে জানিয়েছিলেন, অক্ষয় সত্যি চড় মারবেন। আমিরও তাতে রাজি হয়েছিলেন।
পরিচালকের পরিকল্পনা ছিল, সংলাপের শেষে নয়, বরং সংলাপ চলার মাঝেই আমিরকে চড় মারবেন অক্ষয়। এতে আমিরের স্বাভাবিক বিস্ময়ের অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে।
ফারহান বলেন, প্রথম চড় খাওয়ার পর কিছুটা চমকে গেলেও দৃশ্যটি নিখুঁত করতে আমির নিজেই পরবর্তী সময়ে আরও কয়েকটি টেক দিতে রাজি হন। তবে চড়টি জোরে হওয়ায় প্রথম টেকেই আমিরের গাল ফুলে লাল হয়ে যায়।
এভাবে দৃশ্যটির জন্য পরপর ১৭টি টেক নেওয়া হয়। ফারহানের ভাষ্য অনুযায়ী, এতগুলো চড় খাওয়ার পর আমিরের মুখের এক পাশে স্পষ্ট দাগ পড়ে গিয়েছিল।
শুধু আমির নন, সিনেমাটির আরেকটি দৃশ্যে সাইফ আলি খানকেও চড় খেতে হয়েছিল। অভিনেত্রী ও মডেল সুচিত্রা পিল্লাই ওই দৃশ্যে সাইফকে তিনবার চড় মেরেছিলেন। শুরুতে সুচিত্রা কিছুটা ইতস্তত করলেও পরিচালকের নির্দেশে শেষ পর্যন্ত সত্যিকারের চড় মেরেছিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









