১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জে জন্মেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। জন্মদিনে ভক্তদের কাছে ফের স্মরণীয় হয়ে উঠেছেন নব্বইয়ের দশকের এই নায়ক।
১৯৮৫ সালে বিটিভিতে শিশুশিল্পী হিসেবে বিনোদন জগতে পথচলা শুরু করেন সালমান শাহ। ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই মৌসুমীর বিপরীতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি।
মাত্র তিন-চার বছরের অভিনয়জীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন সালমান শাহ। ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘বিচার হবে’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘আনন্দ অশ্রু’র মতো সিনেমা তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়।
অভিনয়ের পাশাপাশি পোশাক, চুলের ধরন ও ব্যক্তিত্বের আধুনিকতায়ও তিনি ছিলেন সময়ের চেয়ে এগিয়ে। রঙিন ব্যান্ডানা, সানগ্লাস, ভিন্নধর্মী চুলের কাট ও বাইকে তার উপস্থিতি নব্বইয়ের দশকের তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে ঢাকার ইস্কাটনের বাসায় তার অকাল মৃত্যু হয়। তবে মৃত্যুর তিন দশক পরও বাংলা চলচ্চিত্রে তার প্রভাব অটুট। পরবর্তী প্রজন্মের অনেক নায়ক তাকে নিজেদের অনুপ্রেরণা ও আদর্শ হিসেবে মানেন।
সালমান শাহ আজও বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে ভালোবাসা ও আবেগের এক অমলিন নাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









