সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন লুক প্রকাশ পেয়েছে। রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের এই সিনেমায় রণবীর কাপুরের পাশাপাশি মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। বহুল প্রতীক্ষিত সিনেমাটির নতুন পোস্টারে গ্ল্যামারাস অবতারে দেখা গেছে অভিনেত্রীকে।
নতুন পোস্টারে আবেদনময়ী এক রেট্রো ক্যাবারে অবতারে ধরা দিয়েছেন আলিয়া। যা নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।

পোস্টারে আলিয়াকে একটি চেয়ারে বসে থাকতে দেখা গেছে। তার পরনে ছিল আকর্ষণীয় স্লিট স্কার্ট এবং মাথায় বিশেষ ধরনের হেডপিস। রাজকীয় সাজ, পোজ ও চোখের তীব্র অভিব্যক্তিতে রেট্রো আমেজ ফুটিয়ে তুলেছেন তিনি।
পোস্টারটি শেয়ার করে নির্মাতারা ক্যাপশনে লিখেছেন, ‘আগ ভি, দিলোঁ কি জান ভি!’ অর্থাৎ ‘আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও!’ এর আগে একই সিনেমা থেকে রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ পেয়েছিল। এবার আলিয়ার নতুন লুক প্রকাশের পর সামাজিক মাধ্যমে অনুরাগীদের উচ্ছ্বাস আরও বেড়েছে।

পিরিয়ড ড্রামার প্রচলিত গণ্ডি থেকে বেরিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে ‘লাভ অ্যান্ড ওয়ার’ নির্মাণ করছেন সঞ্জয় লীলা বানসালি। নির্মাতার সঙ্গে এটি আলিয়ার দ্বিতীয় কাজ। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পর আবারও বাস্তব জীবনের স্বামী রণবীর কাপুরের সঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন আলিয়া।
প্রধান তারকাদের লুক প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন নির্মাতারা। ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








