জনপ্রিয় কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিনোদন অঙ্গনের অনেকে। সামাজিকমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সালমানের পাশে দাঁড়িয়েছেন তারকারা। অন্যদিকে ঘটনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সাদিয়া আয়মান ঘটনাটিকে হৃদয়বিদারক ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে যা ঘটেছে তা অত্যন্ত হৃদয়বিদারক ও অগ্রহণযোগ্য। তার মতো একজন মানুষের সঙ্গে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়।’

দেশে চাঁদাবাজ ও অশিক্ষিত মানুষের উপদ্রব বেড়ে যাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সাদিয়া। তিনি লেখেন, ‘এতো অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে, যে ওরা ভালো কিছু জীবনে দেখেনি আর দেখলেও সেটা হজম করতে পারে না!’ পরে পুরো ঘটনাটিকে লজ্জাজনক ও ধিক্কারজনক বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে সালমানের স্টুডিওতে হামলার ঘটনা নিয়ে ভিন্নভাবে প্রশ্ন তুলেছেন মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি ঘটনাটিকে পুরোপুরি পরিস্কার নয় বলে উল্লেখ করেন। এর পেছনে কোনো গোপন উদ্দেশ্য আছে কি না, তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি।
এদিকে সালমানের পাশে দাঁড়িয়েছেন কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোটভাই)। রবিবার সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে সালমানের দীর্ঘ পথচলার কথা তুলে ধরেন তিনি।

রাফসান লেখেন, ‘সালমান ভাইয়া, আপনাকে আমি ছোটবেলা থেকেই শ্রদ্ধা করে আসছি।’ একজন ভক্ত হিসেবে সালমানের প্রথম ৫০ হাজার সাবস্ক্রাইবারের সময় থেকেই তাকে দেখেছেন বলে জানান রাফসান। পরে তাকে দেশের অন্যতম বড় আইকনে পরিণত হতে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
বাস্তব জীবনেও সালমানকে কাছ থেকে জানার সুযোগ হয়েছে জানিয়ে রাফসান বলেন, তিনি অত্যন্ত শান্ত স্বভাবের একজন মানুষ।
এর আগে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমানের পক্ষ থেকে চাঁদা না দেওয়াকে হামলার কারণ হিসেবে অভিযোগ করা হলেও পুলিশের বক্তব্য, জায়গা দখলকে কেন্দ্র করে বিরোধের জেরেই সেখানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








