অনলাইন ট্রোল ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বলিউড অভিনেতা সালমান খানের প্রশংসা করেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। ‘বিগ বস ২০’র আসন্ন ‘উইকেন্ড কা ভার’র একটি প্রোমোতে সালমানের সঙ্গে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে তাকে।
ফাতিমা সানা শেখ তার ওয়েব সিরিজ হুঙ্কার: দ্য রোর’র প্রচারে ‘বিগ বস ২০’র অনুষ্ঠানে হাজির হন। প্রোমোতে তিনি অনুষ্ঠানের সঞ্চালক সালমানের প্রশংসা করেন এবং আগের পর্বে অনলাইন ট্রোলদের বিরুদ্ধে তার সরাসরি অবস্থানের বিষয়টি তুলে ধরেন।
সালমানকে উদ্দেশ করে ফাতিমা বলেন, অনলাইন ট্রোলদের যেভাবে তিনি জবাব দিয়েছেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতো প্রভাবশালী কেউ কোনো সামাজিক বিষয়ে অবস্থান নিলে তা মানুষের ওপর বড় প্রভাব ফেলে বলেও মন্তব্য করেন তিনি।
ফাতিমার এই মন্তব্যের পেছনে রয়েছে আগের সপ্তাহের পর্বে সালমানের বক্তব্য। ওই পর্বে প্রতিযোগীদের একটি বিরোধ মেটানোর সময় অনলাইন নেতিবাচকতা ও সাইবার বুলিংয়ের প্রসঙ্গ তোলেন তিনি।
সালমান জনসমক্ষে থাকা ব্যক্তিদের নিয়ে বয়স ও শরীর নিয়ে কটূক্তির সমালোচনা করেন। বিশেষ করে সন্তান জন্মের পর নারীদের শরীরে স্বাভাবিক পরিবর্তন নিয়ে মন্তব্য করার বিষয়েও তিনি আপত্তি জানান। পাশাপাশি তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত হস্তক্ষেপ এবং নারীদের ব্যক্তিগত ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধেও কথা বলেন তিনি।
প্রতিযোগীর আচরণ নিয়েও সালমানের কড়া বার্তা
‘বিগ বস ২০’র আসন্ন পর্বে অনুষ্ঠানের ঘরের ভেতরের আচরণ নিয়েও সালমানকে কঠোর অবস্থান নিতে দেখা যাবে।
আরেকটি অংশে অভিনেতা-রাজনীতিক মনোজ তিওয়ারির মেয়ে প্রতিযোগী রিতি তিওয়ারিকে সহ-প্রতিযোগী উদিতি সিং ও কাজি তৌকিরকে উদ্দেশ করে আপত্তিকর ভাষা ব্যবহারের জন্য ভর্ৎসনা করেন সালমান।
একটি র্যাপ ডিস ব্যাটল টাস্ক চলাকালে রিতি কাজি ও উদিতিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন বলে প্রোমোতে দেখানো হয়েছে।
সালমান রিতিকে তার পরিবারের পরিচয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, অনুষ্ঠানে তার ব্যবহৃত শব্দচয়ন তার বাবার জনসম্মুখের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই অনুষ্ঠানে কথা বলার সময় সংযত থাকার পরামর্শ দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









