নতুন সিনেমা কিংবা শুটিংয়ের খবরে সম্প্রতি আলোচনায় নেই ঢালিউড অভিনেত্রী পূজা চেরী। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিতই নতুন ফটোশুটের ছবি প্রকাশের পাশাপাশি ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন নানা বার্তা।
সোমবার (১২ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রায় এক ডজন ছবি পোস্ট করেন পূজা। ছবিগুলোতে নীল কুর্তি ও সাদা প্যান্টে দেখা গেছে অভিনেত্রীকে। রাতের আলোয় একটি ভবনের ছাদসংলগ্ন বারান্দায় তোলা হয়েছে ছবিগুলো।
ছবির সঙ্গে একটি বিশেষ বার্তাও দিয়েছেন পূজা। সেখানে তিনি লেখেন, ‘‘সিংহ কখনো দল বেঁধে চলে না, দল বেঁধে চলে ভেড়ারা। যদি হঠাৎ দেখো, তোমার পরিচিত মানুষের সংখ্যা কমে যাচ্ছে, আর যেখানে একসময় হাসি-আড্ডা আর মানুষের ভিড় ছিল, সেখানে হঠাৎ এখন তুমি একা, তবে ভয় পেয়ো না। এর মানে, তুমি আর দশজনের ভিড় থেকে বেরিয়ে নিজের সাম্রাজ্যের পথে এগিয়ে যাচ্ছো।’’

পূজার নতুন সাজ ও ছবিগুলো ভক্তদের প্রশংসা পাচ্ছে। একজন মন্তব্য করেছেন, ‘আজ তোমাকে অনেক দারুণ লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার এই সুন্দর মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ। খুব ভালো লাগল।’
এক ভক্ত আবার দুর্গাপূজা উপলক্ষে আগাম আবদার জানিয়ে লিখেছেন, ‘‘আপু, পূজার ছবি দিয়েন। একেক দিন একেক ড্রেস পরে, সামনে পূজা, আপনার পূজা ভালো কাটুক।’’
পূজা চেরীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির কাজ অবশ্য বেশ আগে সম্পন্ন হয়েছিল। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী। এর পরিবর্তে তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে গুঞ্জন কয়েক দফায় আলোচনায় এসেছে।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









