নাটোরের নলডাঙ্গায় থানা পুলিশের এক মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার (১২ অক্টোবর) আসামিদের আইনি প্রক্রিয়া শেষে নাটোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল ‘নলডাঙ্গা থানা পাড়া’ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে নলডাঙ্গা থানা পাড়ার মো. সোহরাব হোসেনের বাড়ি থেকে মাদক সেবনরত অবস্থায় ২ আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সর্দার পাড়ার মাহাতাব হোসেনের ছেলে মো. রাব্বি (২৩), থানা পাড়া এলাকার মো. আব্দুর রাজ্জাকের ছেলে মো. সোহরাব হোসেন (৩০)।
গ্রেপ্তারের পর তাদের নলডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডোপ টেস্ট করানো হলে তাদের উভয়ের শরীরে হেরোইন সেবনের উপস্থিতি প্রমাণিত হয়।
পরবর্তীতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামিদের সোপর্দ করা হলে আদালত উভয়কে ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বলেন, ‘‘নলডাঙ্গায় মাদকের বিরুদ্ধে এ ধরনের ‘জিরো টলারেন্স’ অভিযান অব্যাহত থাকবে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









