‘তেঁতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ’ পদযাত্রার অংশ হিসেবে নীলফামারীর সৈয়দপুরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ জাবের একটি সমাবেশে অভিযোগ করে বলেন, ‘‘বাংলাদেশের রাষ্ট্র পরিচালিত হয় দিল্লির প্রেসক্রিপশনে।’’
সোমবার (১২ অক্টোবর) রাতে শহরের পাঁচমাথা মোড়ে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।
বক্তব্যের শুরুতে তিনি বলেন, ‘‘আমরা ভোট চাওয়ার জন্য এখানে আসিনি। আমরা এখানে এসেছি আমাদের অধিকারের কথা বলার জন্য, বাংলাদেশের মাটিতে ইনসাফের ভিত্তি স্থাপন করার জন্য। ২০২৪ সালে ফ্যাসিবাদের পতন ঘটলেও এ আন্দোলনে যারা রক্ত দিয়েছেন ও জীবন দিয়েছেন, তাদের জন্য এখনো ইনসাফ নিশ্চিত করা যায়নি।’’
শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, ‘‘ওসমান হাদি বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন। বাংলাদেশের সার্বভৌমত্ব ও ইনসাফের পক্ষে এবং দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন হাদি।’’ এ কারণেই তাকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে জাবের বলেন, ‘‘হাদি মৃত্যুর আগে তার হত্যার বিচার চেয়ে গিয়েছিলেন।’’
জুলাই আন্দোলনের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, ‘‘জুলাই শুধু হাসিনাকে দিল্লিতে পাঠানোর জন্য ঘটে নাই। জুলাই শুধু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়িয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসার জন্য ঘটে নাই। জুলাই ঘটেছে বাংলাদেশের আজাদির জন্য।’’
তিনি আরও বলেন, ‘‘দেশে প্রকৃত স্বাধীনতা নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, উন্নয়নকাজে অনিয়ম, গুম ও হত্যাকাণ্ডের অবসান ঘটাতে হবে। অন্যথায় দেশে প্রকৃত স্বাধীনতা ফিরে এসেছে এ কথা বলা যাবে না।’’ এ পরিস্থিতিতে বাংলাদেশে ‘আরেকটি হাদি বিপ্লব’ প্রয়োজন বলেও মন্তব্য করেন হত্যাকাণ্ডের।
একই সঙ্গে গত ১৭ বছরে সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং জুলাই, পিলখানা ও শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
এর আগে গত বুধবার (৭ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্ট থেকে ‘তেঁতুলিয়া টু টেকনাফ মার্চ ফর ইনসাফ’ পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চ।
ঘোষিত দাবির পক্ষে জনসমর্থন গড়ে তোলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত এ পদযাত্রা করছেন সংগঠনটির নেতাকর্মীরা।
সৈয়দপুরে কর্মসূচি চলাকালে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি সংবলিত লিফলেট বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









