নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ নিয়ে উত্তেজনা তুঙ্গে। মুক্তির অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা। এর মাঝেই নবমীর রাতে ছবির প্রচারণায় কলকাতায় হাজির হয়েছিলেন রণবীর কাপুর ও যশ। মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেখানেই ছবি নিয়ে বড় ঘোষণা করলেন শুভেন্দু।
রাজ্যে করমুক্ত করা হল নীতেশ তিওয়ারী পরিচালিত এই ছবিকে। মঙ্গলবার কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে দশেরার অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির অন্য কলাকুশলীরাও।
‘রামায়ণ’ ছবিতে রামের চরিত্রে দেখা যাবে রণবীরকে। সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে যশ। ছবিটি দু’টি পর্বে মুক্তি পাওয়ার কথা।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে শুভেন্দু বলেন, “রামায়ণ ছবিটিকে করমুক্ত করা হয়েছে। ‘দ্য কেরালা স্টোরি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর মতো ছবিও করমুক্ত করা হয়েছে বা হবে। ‘রামায়ণ’-এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আগামীতে ভারতীয় পুরাণ ও মহাকাব্য নিয়ে আরও ছবি তৈরি হওয়ার আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তার কথায়, আগামী দিনে শ্রীকৃষ্ণ ও অর্জুনকে নিয়ে ছবি দেখতে পাব আমরা। মহাভারত নিয়েও ছবি তৈরি হবে।
কলকাতায় দশেরার অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুশি রণবীরও। অভিনেতা বলেন, “কলকাতার এই পবিত্র ভূমিতে এসে আপনাদের সকলের সঙ্গে দশেরা উদ্যাপন করতে পারা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের বিষয়।”
দশেরার তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে রণবীর বলেন, “দশেরা আমাদের খুব সুন্দর একটি কথা মনে করিয়ে দেয়। অশুভ শক্তি যতই শক্তিশালী হোক না কেন, শেষ পর্যন্ত সত্য এবং ভালোরই জয় হয়। সব সময়ে সত্যের পথে চলার চেষ্টা করুন। ‘রামায়ণ’ ছবির কলাকুশলীদের তরফে আপনাদের সকলকে দশেরার শুভেচ্ছা জানাই।”
কলকাতার সঙ্গে পুরনো সম্পর্ক রয়েছে অভিনেতা যশেরও। রাবণের ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণী তারকা।
কলকাতায় এসে নিজের পুরনো স্মৃতির কথা জানান তিনি। তার কথায়, আজ আমি এখানে এসেছি একজন অভিনেতা হিসাবে। আমার খুব ভাল লাগছে।
তার পরেই জানান, অনেক আগে কলকাতায় এসেছিলেন তিনি। যশ বলেন, “শেষবার ট্রেনে করে এখানে এসেছিলাম ২০০৪ বা ২০০৫ সালে। আমার নাটকের সফর প্রথম শুরু হয়েছিল এই শহরেই। সকালের জলখাবার থেকে সন্ধ্যা পর্যন্ত কত মিষ্টি যে খেয়েছিলাম! আজও সেই স্মৃতি মনে আছে।”
নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি মুক্তি পেতে চলেছে চলতি বছরের ৫ নভেম্বর। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়ালাম ভাষায় ছবিটি মুক্তি পাবে। দ্বিতীয় পর্বটি মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের দীপাবলিতে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









