ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৩৫৬ রানের জবাবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৫১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। এরপর মুশফিক ও হৃদয় জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
ওপেনার সাদমান ইসলামের চোটের কারণে প্রথমবারের মতো ইনিংস শুরু করতে নামেন নাঈম হাসান। তবে ব্যাট হাতে বেশিক্ষণ থাকতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। সিলসের বলে স্লিপে ব্রেন্ডন কিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৫ রান করে।
এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নেমেছেন তিন নম্বারে। আরেক ওপেনার তানজিদ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি। জাস্টিন গ্রিভসের বলে আউট হয়ে ১৬ রান করে ফিরেছেন তানজিদ।
এরপর হৃদয়কে সঙ্গে নিয়ে ধীরে ধীরে এগোচ্ছিলেন নাজমুল। গড়েছিলেন ২৯ রানের জুটি। তবে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। আউট হওয়ার আগে করেছেন ১৮ রান।
তিন উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে আপাতত সামলানোর চেষ্টা করছেন মুশফিক ও তাওহিদ হৃদয়। ২৩ রানে হৃদয় ও মুশফিক ১৩ রানে ক্রিজে রয়েছেন। বাংলাদেশের দলীয় সংগ্রহ ৩ উইকেটে ৭৬ রান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









