সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার একটি মা-হারা বাচ্চা বানরের ভিডিও ব্যাপক আলোড়ন তুলেছে। ভিডিওতে দেখা যায়, মা-হীন ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে পরম মমতায় আঁকড়ে ধরে আছে। অসহায়তার এই দৃশ্য অসংখ্য মানুষকে করেছে আবেগাপ্লুত। মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুল এ ঘটনা ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
এক পোস্টে পিয়া লিখেছেন, “দেখলাম ও (বাচ্চা বানর) একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। সত্যি বলছি, ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি। অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল।”
অসহায় প্রাণীর কষ্টকে পুঁজি করে ‘কনটেন্ট’ হিসেবে ব্যবহারের কড়া সমালোচনা করে তিনি বলেন, “ইমোশনাল কথা লিখে মার্কেটিং করল। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। আমার কাছে এটা খুব স্বার্থপর লাগে। একটা অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।”
পবিত্র রমজানের মানবিক শিক্ষা স্মরণ করিয়ে দিয়ে এই অভিনেত্রী আরও বলেন, “এখন তো রমজান। আমরা নিজেরাই রোজা রেখে বুঝি খিদা কী জিনিস। ইফতারের আগে পেটের সেই কষ্টটা তো আমরা অনুভব করি। তাহলে ভাবুন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?”
সবশেষে ভক্ত ও অনুসারীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়ে পিয়া লিখেছেন, “দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি। রমজান আমাদের শুধু নিজের ইবাদত না, অসহায় প্রাণীদের প্রতিও দায়িত্ব মনে করিয়ে দিক।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









