এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করছেন দেশবাসী। পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই উৎসবের প্রতিটি মুহূর্ত। চিত্রনায়িকা নুসরাত ফারিয়াও ঈদের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন —
পরিবারের বড় সন্তান, ঈদ সালামি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, “আগে ঈদের দিন আমি অনেক সালামি পেতাম, এখন নিজেই সালামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। আমি পরিবারের বড়, তাই অনেক পারিবারিক আয়োজনে অংশ নিতে হয়। এই সময়টুকুই তো আসল আনন্দ!”
এবারের ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করছেন জানিয়ে নুসরাত ফারিয়া বলেন, “ঈদে দেশেই আছি। তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাতে চাই। ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। সারা মাস রোজা রাখার পর একটা দিন এভাবে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সকলের সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সকলে এক হয়ে যাওয়ার দিন।”
নুসরাত ফারিয়ার ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেক বদলে গেছে। এ বিষয়ে তার ভাষ্য, “বদলেছে ঠিকই। কিন্তু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল। শৈশবের সেই নির্ভার ঈদ আর আজকের দায়িত্বভরা ঈদ, দুইয়ের মাঝেও আমার কাছে ঈদের মূল আনন্দ একই—প্রিয়জনদের সঙ্গে থাকা।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









