লোকসংগীতশিল্পী ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী আর নেই। সোমবার (১২ জানুয়ারি) রাত ৯টা ২০ মিনিটে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তবলাশিল্পী পল্লব স্যানাল গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরেই হৃদ্রোগ ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন মলয় গাঙ্গুলী। সোমবার দিবাগত রাত ২টার দিকে তাঁর মরদেহ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়। তাঁর একমাত্র মেয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আজ রাতে তিনি দেশে ফেরার পর শেষকৃত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে কলকাতায় গিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন মলয় কুমার গাঙ্গুলী। সেখানেই এস এম আবদুল গণি বোখারীর লেখা ও সুরে ‘ওরে ও বাঙালি আর কতকাল থাকবি ঘুমেতে হইয়া বিভোর’ গানটিতে একক কণ্ঠ দেন তিনি, যা মুক্তিযুদ্ধকালীন সংগীতের ইতিহাসে বিশেষ স্থান করে নেয়।
১৯৪৬ সালে নেত্রকোনার কেন্দুয়ার মোজাফফরপুর গ্রামে জন্ম নেওয়া মলয় গাঙ্গুলী চলচ্চিত্রের গানেও রেখে গেছেন স্মরণীয় ছাপ। ‘পুত্রবধূ’ সিনেমায় ‘গুরু উপায় বলো না’ গানটি গেয়ে শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেন তিনি, যেখানে পর্দায় ঠোঁট মিলিয়েছিলেন প্রয়াত অভিনেতা প্রবীর মিত্র। এ ছাড়া ‘আমার মনতো বসে না’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন তিনি।
তিনি ছিলেন ‘যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই’ এই আলোচিত গানটির সুরকার ও গায়ক। হাসান মতিউর রহমানের লেখা গানটিতে পরবর্তীতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমীন।
লোকগান ও মুক্তিযুদ্ধভিত্তিক সংগীতে মলয় কুমার গাঙ্গুলীর অবদান বাংলা সংগীতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









