হলিউড তারকা জো সালদানা এখন আনুষ্ঠানিকভাবে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা অভিনেত্রী। তার অভিনীত নতুন ছবি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তির পরই এই রেকর্ড গড়ে ওঠে। ছবিটি ইতোমধ্যে বিশ্বজুড়ে ১.২৩ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
ভ্যারাইটি জানায়, জো সালদানা একমাত্র অভিনেত্রী যিনি বিশ্বের সর্বোচ্চ আয় করা চারটি ছবিতে অভিনয় করেছেন—‘অ্যাভাটার’, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ এবং ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’। চারটি ছবিই ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে।
‘দ্য নাম্বার্স’-এর হিসাব অনুযায়ী, তার অভিনীত ছবির মোট বক্স অফিস আয় দাঁড়িয়েছে ১৫.৪৭ বিলিয়ন ডলার। এতে তিনি স্কারলেট জোহানসন ও স্যামুয়েল এল জ্যাকসনকে পেছনে ফেলেছেন।
এই সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় জো সালদানা পরিচালক, সহকর্মী ও ভক্তদের ধন্যবাদ জানান। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন জেমস ক্যামেরন, জেজে আব্রামস, রুশো ভ্রাতৃদ্বয় ও জেমস গান এর প্রতি।
উল্লেখ্য, ২০২৫ সালে ‘এমিলিয়া পেরেজ’ ছবির জন্য সেরা সহ-অভিনেত্রী হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়েন তিনি। সামনে ‘অ্যাভাটার ৪’ ও ‘অ্যাভাটার ৫’-এ নেইতিরির চরিত্রে ফিরবেন জো।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









