কয়েক দিন আগে ওটিটিতে মুক্তির ঘোষণা এসেছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমার। এবার ডিজিটাল প্রিমিয়ারের ঘোষণা এল রোজার ঈদের আরও দুই সিনেমার—‘প্রিন্স’ ও ‘বনলতা এক্সপ্রেস’। আগামী ২৪ মে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে বনলতা এক্সপ্রেস এবং ঈদের দ্বিতীয় দিন চ্যানেল আইয়ে দেখা যাবে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’।
রোজার ঈদে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। ব্যবসায়িক দিক থেকেও শীর্ষে ছিল সিনেমাটি। মুক্তির প্রায় দুই মাস পরও দেশ-বিদেশের হলে জনপ্রিয়তা ধরে রেখেছে।
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে বনলতা এক্সপ্রেস। অভিনয় করেছেন একদল তারকা। রয়েছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ। বনলতা এক্সপ্রেসের গল্প আবর্তিত হয়েছে ট্রেনের একদল যাত্রীকে ঘিরে।
অন্যদিকে চ্যানেল আইয়ে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’।
সর্বাধিক হলে মুক্তি পেলেও সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা করতে পারেনি। আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটি নিয়ে অভিযোগ ছিল অনেক। পোস্টার, টিজার কিংবা গান কোনো কিছুই আসেনি সময়মতো; যার নেতিবাচক প্রভাব পড়েছে সিনেমার ব্যবসায়।
মুক্তির এক মাস পর অনুমোদন ছাড়াই কিছু গান ও দৃশ্য সংযোজন করার অভিযোগে প্রিন্স সিনেমার সেন্সর সনদ স্থগিত করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। এর পর থেকে হলে আর প্রদর্শিত হয়নি সিনেমাটি।
নব্বইয়ের দশকের এক গ্যাংস্টারের গল্পে নির্মিত এ সিনেমায় শাকিবের সঙ্গে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, দিব্যেন্দু ভট্টাচার্য, ইন্তেখাব দিনার প্রমুখ।
প্রিন্সসহ কোরবানির ঈদে চ্যানেল আইয়ে সাত দিনে সাতটি সিনেমার টিভি প্রিমিয়ার হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









