একদিন বিকেলে চায়ের দোকানে অভিজ্ঞ প্রেমবিশারদ মফিজ ঘোষণা দিলেন, —শোনো সবাই! ভালোবাসায় যত্ন লাগে। যেই সেই যত্ন না! হৃদয় উজাড় করা যত্ন। সেইজন্য ভালোবাসা বিনির্মাণে একটা সময়োপযোগী ব্যবহার বিধি তৈরি করছি।
ঘোষণা টি শেষ হতেই উপস্থিত লোকজন, ঘোষণা পত্র পাঠ করার জোড়ালো দাবি জানাতে থাকে।
তিনি গলা খাঁকারি দিয়ে প্রথমে বললেন, চিনি ব্যবহার করবে না। মানে, বেশি মিষ্টি কথা বললে মানুষ ভাববে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। প্রেম, ডায়াবেটিসে না মরলেও সন্দেহে মরে।
তারপর তিনি বিজ্ঞাপনের ভাষায় বললেন, গরম পানি নয়। মানে, রাগের মাথায় উত্তপ্ত ভাষা ব্যবহার করলে সম্পর্কের স্বাভাবিক আর্দ্রতা উবে যায়।
বেকিং সোডা ব্যবহার করবে না। মানে, প্রেমে অতিরিক্ত যুক্তি ঢালতে গেলে আবেগের পিএইচ নষ্ট হয়ে যায়। তখন 'আমি ঠিক আর তুমি ভুল ছাড়া কিছুই জন্মায় না।
আঠা থেকেও সাবধান। সারাক্ষণ কোথায়?, কার সঙ্গে?, এখনো অনলাইনে আছো কেন?—এসব দিয়ে মানুষকে আটকে রাখতে গেলে, একদিন সে আঠাসহ পালিয়ে যায়।
চায়ের দোকানে হাসির রোল ওঠে।
মফিজ থামলেন না। তিনি আন্তঃনগর ট্রেনের মতো চলতে থাকেন।
লেবু ব্যবহার করবে না। মানে, সব কথায় টক মন্তব্য করলে সম্পর্ক রোদে বেরোলেই পুড়ে যায়।
টুথপেস্টও না। মানে, ছোটখাটো ঝগড়ার ওপর টুথপেস্টের মতো চাপা সমাধান লাগিয়ে লাভ নেই। বাইরে শুকায়, ভেতরে ব্যথা থেকে যায়।'
আলুর রস দিয়ে পুরোনো প্রেমের দাগ মুছতে যেও না। মানে, দাগ না উঠলেও নতুন মানুষটা ঠিকই বুঝে যায়, তোমার হৃদয়ে এখনো পুরোনো আলু মজুত আছে।
শেষে নাটকীয় ভঙ্গিতে বললেন, আর কাঁচা ডিম? সেটাও নয়। মানে,আধাসেদ্ধ প্রতিশ্রুতি, কাঁচা বিশ্বাস আর অপক্ব সিদ্ধান্ত—এসব একদিন না একদিন গন্ধ ছড়াবেই।
সবাই হাততালি দিল। মফিজ ভাবলেন, আজকের তার এই বক্তৃতা বুঝি ইতিহাস হয়ে থাকবে। ঠিক তখনই মফিজের ফোন বেজে ওঠে। ওপাশ থেকে তাঁর স্ত্রী বলছে, শুনছ? বাজারে যাওয়ার কথা ছিল। এখনো চায়ের দোকানে বসে কিসের লেকচার দিচ্ছ?
কাঁপা গলায় মফিজের উক্তি, জান... এই তো যাচ্ছি।
ফোন কেটে তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখলে? ভালোবাসার আসল উপাদান এই আটটার কোনোটাই না।
চায়ের দোকানের সবাই একসঙ্গে জিজ্ঞেস করল, তাহলে কী?
মফিজ চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সময়মতো বাজার করা। কারণ ফুল দেয়া ভুলে গেলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু চেপাসুটকী আনতে ভুলে গেলে, সংসারে সুপার টাইফুন বয়ে যায়!
উপস্থিত ভুক্তভোগী কেউ একজন মফিজকে সমর্থন জানিয়ে বলে ওঠে, কথা সত্য একশ একশ। অন্যরা এ কথার সাথে তাল মিলিয়ে মাথা দোলাতে থাকে।
লেখক : শেখ মোহাম্মদ আলী


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









