একটি ছোট পাখি। গলার নিচে হলুদ রঙের সামান্য একটি দাগ। পৃথিবীর কোটি কোটি পাখির ভিড়ে তাকে আলাদা করে দেখার কোনো কারণ হয়তো ছিল না। কিন্তু ১৯০৬ সালের একদিন এই পাখিটিই বদলে দিল এক কিশোরের জীবন। কিশোরটি জানতে চেয়েছিল, পাখিটি আসলে কোন প্রজাতির। প্রশ্নটি শুনতে খুব সাধারণ। অথচ সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই শুরু হলো এমন এক অনুসন্ধান, যা পরবর্তী কয়েক দশকে ভারতীয় উপমহাদেশের পাখিবিদ্যার ইতিহাস বদলে দেবে।
কিশোরটির নাম সালিম মোয়িজুদ্দিন আবদুল আলি। পৃথিবী তাকে চেনে ‘বার্ডম্যান অব ইন্ডিয়া’ বা ভারতের পাখিমানব হিসেবে।
মানুষের ইতিহাসে রাজা, সম্রাট, যুদ্ধ ও সাম্রাজ্যের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু পৃথিবীর আরেকটি ইতিহাস আছে, যেখানে মানুষের চেয়ে পাখি, বন, নদী ও জলাভূমির ভূমিকা অনেক বেশি। এই ইতিহাসের পাতাগুলো লেখা থাকে পাখির ডানায়, তাদের পরিযানের পথে, বাসা তৈরির কৌশলে এবং ঋতু পরিবর্তনের সঙ্গে তাদের জীবনযাপনের সম্পর্কের মধ্যে। সালিম আলি তার জীবন উৎসর্গ করেছিলেন সেই ইতিহাস পাঠোদ্ধারের কাজে।
একটি প্রশ্নের জন্ম
১৮৯৬ সালের ১২ নভেম্বর বোম্বেতে, বর্তমান মুম্বাইয়ে, জন্ম সালিম আলির। নয় ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। শৈশবেই বাবা-মাকে হারানোর পর মামা আমিরুদ্দিন তায়াবজি ও খালা হামিদা বেগমের কাছে বড় হয়ে ওঠেন।প্রকৃতির প্রতি তার আগ্রহ ছোটবেলা থেকেই ছিল। তবে পাখি নিয়ে তার গভীর কৌতূহলের শুরু হয় সেই হলুদগলার পাখিটিকে ঘিরে। প্রায় দশ বছর বয়সে একদিন তিনি পাখিটি দেখতে পান। তার পরিচয় জানতে না পেরে মামার কাছে প্রশ্ন করেন। মামা তাকে নিয়ে যান বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। সেখানে প্রতিষ্ঠানের সচিব ডব্লিউ এস মিলার্ড পাখিটিকে শনাক্ত করেন। সেটি ছিল ইয়েলো-থ্রোটেড স্প্যারো। মিলার্ড তাকে প্রতিষ্ঠানের পাখির সংগ্রহ দেখান। পরিচয় করিয়ে দেন পাখিবিদ্যার বইয়ের সঙ্গে। সালিমের সামনে তখন খুলে যায় এক নতুন জগৎ। একটি পাখির নাম জানা আর একটি পাখিকে বোঝা কিন্তু এক বিষয় নয়। তার নাম জানলে আমরা তাকে অন্য পাখি থেকে আলাদা করতে পারি। কিন্তু তাকে বুঝতে হলে আরও অনেক প্রশ্ন করতে হয়। সে কী খায়? কোথায় থাকে? কীভাবে বাসা বানায়? কখন ডিম পাড়ে? শীতকালে কোথায় চলে যায়? কেন কিছু পাখি হাজার হাজার কিলোমিটার পাড়ি দেয়, অথচ অন্যরা সারা জীবন একই অঞ্চলে থেকে যায়? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই সালিম আলির আগ্রহ ক্রমে পরিণত হয় গবেষণার নেশায়।
শখ থেকে বিজ্ঞানের পথে
সালিম আলি সেন্ট জেভিয়ার্স কলেজে প্রাণিবিদ্যা নিয়ে পড়াশোনা করেন। কিন্তু তার শিক্ষাজীবন খুব নিয়মিত ছিল না। পারিবারিক ব্যবসার প্রয়োজনে তাকে বার্মায়, বর্তমান মিয়ানমারে, যেতে হয়। সেখানে খনি ও কাঠের ব্যবসা দেখাশোনার দায়িত্ব পালন করলেও পাখিদের প্রতি আগ্রহ হারাননি। ভারতে ফিরে তিনি পাখিবিদ্যাকে পেশা হিসেবে নিতে চাইলেন। কিন্তু তখন এই বিষয়ে কাজের সুযোগ ছিল সীমিত। বিশেষ করে ভারতীয়দের জন্য গবেষণার প্রাতিষ্ঠানিক সুযোগ খুব বেশি ছিল না। প্রয়োজনীয় উচ্চতর শিক্ষাগত যোগ্যতা না থাকায় জুওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ায় তার চাকরি হয়নি। পরে বোম্বের প্রিন্স অব ওয়েলস মিউজিয়ামের প্রাকৃতিক ইতিহাস বিভাগে গাইড লেকচারার হিসেবে কাজ শুরু করেন। কিন্তু সংগ্রহশালায় পাখির নমুনা দেখানো কিংবা বইয়ের তথ্য পড়ানো তার কাছে যথেষ্ট মনে হয়নি। তিনি জানতে চেয়েছিলেন, পাখিরা প্রকৃতিতে কীভাবে বেঁচে থাকে। এই প্রশ্নের উত্তর সংগ্রহশালায় পাওয়া সম্ভব নয়। প্রয়োজন পাখিদের নিজস্ব পরিবেশে গিয়ে পর্যবেক্ষণ করা। তাই ১৯২৯ সালে তিনি জার্মানির বার্লিনে যান। সেখানে জুওলজিক্যাল মিউজিয়ামে বিখ্যাত পক্ষিবিদ এরউইন স্ট্রেসেম্যানের অধীনে প্রশিক্ষণ নেন। আধুনিক পক্ষিবিদ্যার গবেষণাপদ্ধতি, প্রজাতি শনাক্তকরণ এবং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের কৌশল সম্পর্কে তার জ্ঞান আরও সমৃদ্ধ হয়। ১৯৩০ সালে ভারতে ফিরে তিনি মাঠপর্যায়ের গবেষণায় মনোনিবেশ করেন।
একটি দেশের মানচিত্র সাধারণত আঁকা হয় নদী, পাহাড়, সমুদ্র, শহর ও সীমান্ত দিয়ে। কিন্তু পাখিদের চোখে সেই মানচিত্র অন্য রকম। তাদের কাছে কোনো দেশের সীমানা গুরুত্বপূর্ণ নয়। একটি পাখি হয়তো শীতকালে সাইবেরিয়া থেকে হাজার হাজার কিলোমিটার উড়ে ভারতীয় উপমহাদেশে আসে। অন্য একটি পাখি হয়তো জীবনের পুরোটা কাটিয়ে দেয় একটি নির্দিষ্ট জলাভূমিতে। এই ভিন্ন ভিন্ন জীবনযাত্রা বুঝতে হলে পাখিদের বিস্তৃতি ও চলাচলের মানচিত্র তৈরি করা জরুরি। সালিম আলি সেই কাজেই মনোযোগ দেন। সেসময় ভারতীয় পক্ষিবিদ্যার বড় অংশজুড়ে ছিল পাখির শ্রেণিবিন্যাস, প্রজাতি শনাক্তকরণ এবং সংগ্রহশালায় নমুনা সংরক্ষণ। এসব কাজের প্রয়োজনীয়তা ছিল। কিন্তু সালিম আলি মনে করতেন, জীবন্ত পাখিদের পর্যবেক্ষণ ছাড়া তাদের জীবন সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাওয়া সম্ভব নয়।
তিনি জানতে চাইতেন, পাখিরা কী খায়, কীভাবে বাসা তৈরি করে, কখন প্রজনন করে এবং পরিবেশের পরিবর্তনের সঙ্গে কীভাবে নিজেদের মানিয়ে নেয়। অর্থাৎ পাখির শরীরের গঠন জানার পাশাপাশি তিনি জানতে চেয়েছিলেন তাদের জীবনযাপনের বিজ্ঞান। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সহায়তায় তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ও দেশীয় রাজ্যে পাখি জরিপ পরিচালনা করেন। হায়দরাবাদ, কোচিন, ত্রিবাঙ্কুর, গোয়ালিয়র, ইন্দোর ও ভোপালসহ নানা অঞ্চলে তার গবেষণা বিস্তৃত হয়। পরবর্তী সময়ে ওড়িশা, বেরার, সিকিম, ভুটান, গোয়া ও অরুণাচল প্রদেশেও তিনি পাখি জরিপ করেন। এই কাজের জন্য তাকে কখনো যেতে হয়েছে পাহাড়ে, কখনো বনে, কখনো বিস্তীর্ণ জলাভূমিতে। সঙ্গে থাকত দূরবীন, নোটবই ও পেনসিল। ঘণ্টার পর ঘণ্টা পাখি পর্যবেক্ষণ করে তিনি তাদের আচরণ সম্পর্কে তথ্য লিখে রাখতেন। ১৯৩১ সালে বাবুই পাখির জীবন ও আচরণ নিয়ে তার গবেষণাপত্র প্রকাশিত হয়। বাবুই পাখির বাসা তৈরির দক্ষতা, প্রজনন ও সামাজিক আচরণ নিয়ে তার পর্যবেক্ষণ বিশেষ গুরুত্ব পায়।
বাবুইয়ের বাসা দেখতে অনেকটা ঝুলন্ত স্থাপত্যের মতো। কিন্তু এটি কোনো মানুষের তৈরি নকশা নয়। পাখিটি নিজের প্রবৃত্তি, অভিজ্ঞতা ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা দিয়ে এমন বাসা তৈরি করে। সালিম আলির কাছে এই ধরনের আচরণ ছিল বৈজ্ঞানিক অনুসন্ধানের বিষয়। একটি ছোট পাখির জীবনেও যে কত জটিল প্রাকৃতিক প্রক্রিয়া কাজ করে, তার গবেষণা তা তুলে ধরেছিল। বিজ্ঞানীদের আবিষ্কার যদি কেবল গবেষণাগার বা বিশেষজ্ঞদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেই জ্ঞানের সামাজিক প্রভাব অনেকটাই সীমিত হয়ে যায়। সালিম আলি এই বিষয়টি বুঝেছিলেন। তিনি চেয়েছিলেন, সাধারণ মানুষও যেন নিজেদের চারপাশের পাখিদের চিনতে পারে।
১৯৪১ সালে প্রকাশিত হয় তার বিখ্যাত বই ‘দ্য বুক অভ ইন্ডিয়ান বার্ডস’। বইটির ভাষা ছিল সহজ, তথ্য ছিল সংক্ষিপ্ত ও ব্যবহারিক, আর পাখি শনাক্ত করার জন্য ছিল প্রয়োজনীয় চিত্র। ফলে পাখি চেনার জন্য আর বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন রইল না। শিক্ষার্থী, শিক্ষক, প্রকৃতিপ্রেমী কিংবা সাধারণ পাঠক—যে কেউ বইটি হাতে নিয়ে নিজের চারপাশের পাখিদের চিনতে শুরু করতে পারতেন। এই বইয়ের মাধ্যমে পাখি পর্যবেক্ষণ ধীরে ধীরে সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। পাখি দেখা আর নিছক বিনোদন থাকল না; এটি হয়ে উঠল প্রকৃতিকে জানার একটি উপায়। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কাজগুলোর একটি হলো ‘হ্যান্ডবুক অভ দ্য বার্ডস অভ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান’। মার্কিন পক্ষিবিদ এস ডিলন রিপলির সঙ্গে যৌথভাবে তিনি দশ খণ্ডের এই বিশাল গ্রন্থমালা রচনা করেন। ১৯৬৮ থেকে ১৯৭৪ সালের মধ্যে প্রকাশিত বইগুলোতে ভারতীয় উপমহাদেশের পাখিদের প্রজাতি, বিস্তৃতি, আচরণ, আবাসস্থল, প্রজনন ও বাস্তুসংস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে। এটি ছিল দীর্ঘদিনের পর্যবেক্ষণ ও গবেষণার এক বিশাল সমন্বয়। রিপলি পাখিদের শ্রেণিবিন্যাস ও ট্যাক্সোনমিতে বিশেষ দক্ষতা রাখতেন। অন্যদিকে সালিম আলির শক্তি ছিল মাঠপর্যায়ের পর্যবেক্ষণ এবং পাখিদের আচরণ ও বাস্তুসংস্থান সম্পর্কে গভীর জ্ঞান। দুই গবেষকের যৌথ কাজ বইগুলোকে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্যভান্ডারে পরিণত করে। এ ছাড়া তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘দ্য বার্ডস অভ কচ্ছ’, ‘দ্য বার্ডস অভ কেরালা’, ‘দ্য বার্ডস অভ সিকিম’, ‘ইন্ডিয়ান হিল বার্ডস’ এবং ‘দ্য বার্ডস অভ ট্রাভাঙ্কোর অ্যান্ড কোচিন’। প্রতিটি বইয়ে নির্দিষ্ট অঞ্চলের পাখিদের জীবন ও বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। ১৯৮৫ সালে প্রকাশিত হয় তার আত্মজীবনী ‘দ্য ফল অভ আ স্প্যারো’। এতে তিনি নিজের শৈশব, গবেষণার অভিজ্ঞতা, অভিযাত্রা এবং দীর্ঘ কর্মজীবনের নানা ঘটনা তুলে ধরেছেন।

পাখির জীবন আর মানুষের পৃথিবী
পাখিদের নিয়ে গবেষণা করতে গিয়ে সালিম আলি একটি গুরুত্বপূর্ণ বিষয় উপলব্ধি করেন: কোনো পাখিকে তার আবাসস্থল থেকে আলাদা করে বোঝা যায় না।
ধরা যাক, একটি জলাভূমির কথা। সেখানে শুধু পাখি থাকে না। থাকে মাছ, ব্যাঙ, কীটপতঙ্গ, জলজ উদ্ভিদ এবং অসংখ্য ক্ষুদ্র জীব। এরা প্রত্যেকে একে অন্যের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। জলাভূমির পানি শুকিয়ে গেলে বা দূষিত হলে এই পুরো ব্যবস্থাটি ক্ষতিগ্রস্ত হয়। পাখিরাও তখন হারায় তাদের খাদ্য ও আশ্রয়। এ কারণেই পাখি সংরক্ষণ মানে শুধু পাখি রক্ষা করা নয়; তাদের বেঁচে থাকার পরিবেশটিকেও রক্ষা করা। সালিম আলি গবেষণার পাশাপাশি প্রকৃতি সংরক্ষণের আন্দোলনে যুক্ত হন। রাজস্থানের ভরতপুরের কেওলাদেও জলাভূমি রক্ষায় তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। পরিযায়ী পাখিদের জন্য এই জলাভূমি একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। এর পরিবেশগত গুরুত্ব তুলে ধরে তিনি সংরক্ষণের পক্ষে যুক্তি দেন। কেরালার সাইলেন্ট ভ্যালি অরণ্য রক্ষার আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। একটি জলবিদ্যুৎ প্রকল্পের কারণে সেখানকার চিরহরিৎ বনভূমি ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। সালিম আলি প্রকল্পটির বিরোধিতা করেন এবং বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তার মতো বিজ্ঞানী ও প্রকৃতিবিদদের প্রচেষ্টায় সাইলেন্ট ভ্যালি জাতীয় পর্যায়ে সংরক্ষণের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির সঙ্গেও তার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। প্রতিষ্ঠানটির গবেষণা ও সংরক্ষণ কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নতুন প্রজন্মের প্রকৃতিবিদ তৈরি এবং সাধারণ মানুষের মধ্যে পাখি পর্যবেক্ষণের আগ্রহ ছড়িয়ে দেওয়ার কাজেও তিনি যুক্ত ছিলেন। ১৯৫৮ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ এবং ১৯৭৬ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করে। ১৯৮৫ সালে তাকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করা হয়। এর মাধ্যমে পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রশ্নগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ পান তিনি।
একটি জীবনের পরেও যে অনুসন্ধান থামে না
১৯৮৭ সালের ২০ জুন, ৯০ বছর বয়সে মারা যান সালিম আলি। কিন্তু তার গবেষণার কাজ থেমে থাকেনি। তার বই, মাঠপর্যায়ের তথ্য ও পাখি জরিপ পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীদের জন্য গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে আছে। ১৯৯০ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে প্রতিষ্ঠিত হয় ‘সেলিম আলি সেন্টার ফর অর্নিথোলজি অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি’। পক্ষিবিদ্যা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ইতিহাস নিয়ে গবেষণা এবং পরিবেশ সংরক্ষণে বৈজ্ঞানিক জ্ঞান ছড়িয়ে দেওয়াই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।আজ পাখিদের পৃথিবী নানা সংকটের মুখোমুখি। বন উজাড়, জলাভূমি ধ্বংস, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে। কিছু পাখির সংখ্যা কমছে, কিছু প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে পড়ছে। ফলে পাখিদের জীবন ও তাদের পরিবেশ সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন আগের চেয়ে অনেক বেশি।
সালিম আলির কাজের গুরুত্ব এখানেই যে, তিনি ভারতীয় উপমহাদেশের পাখিদের শুধু তালিকাভুক্ত করেননি; তাদের জীবনযাপনের একটি বিস্তৃত বৈজ্ঞানিক চিত্র তৈরি করেছিলেন। তার গবেষণায় একটি পাখি হয়ে উঠেছে তার পরিবেশ, আচরণ, খাদ্যাভ্যাস ও অস্তিত্বের ইতিহাসের সঙ্গে যুক্ত একটি জীবন্ত সত্তা। একদিন একটি হলুদগলার ছোট্ট পাখি তাকে একটি প্রশ্ন করতে শিখিয়েছিল। সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি আবিষ্কার করেছিলেন এক বিশাল পৃথিবী। আর সেই পৃথিবীর দরজা খুলে দিয়েছিলেন পরবর্তী প্রজন্মের জন্যও।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









